মগরাহাটে ভোটের আগে তাণ্ডব! বিজেপি কর্মীর বাড়িতে হামলা, লুটের অভিযোগ
Last Updated:
West Bengal Assembly Election 2026: লোকসভা নির্বাচনের আবহে রণক্ষেত্রের চেহারা নিল মগরাহাটের ইয়ারপুর গ্রাম। শুক্রবার রাতে এক বিজেপি কার্যকর্তার বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর, মারধর এবং লুটের অভিযোগ উঠল একদল বাইক বাহিনীর বিরুদ্ধে।
অর্পন মন্ডল, মগরাহাট: লোকসভা নির্বাচনের আবহে রণক্ষেত্রের চেহারা নিল মগরাহাটের ইয়ারপুর গ্রাম। শুক্রবার রাতে এক বিজেপি কার্যকর্তার বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর, মারধর এবং লুটের অভিযোগ উঠল একদল বাইক বাহিনীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ মোতায়েন করতে হয়েছে।
আক্রান্ত বিজেপি কার্যকর্তা সব্যসাচী হালদারের পরিবারের অভিযোগ, শুক্রবার গভীর রাতে একদল দুষ্কৃতী বাইকে করে এসে তাঁদের বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকে। সব্যসাচী বাবু এবং তাঁর স্ত্রীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, মারধরের পাশাপাশি ঘর থেকে নগদ টাকা ও সোনার গয়নাও লুট করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। বিজেপি সমর্থকদের দাবি, রাতভর এলাকায় ত্রাসের রাজত্ব কাটিয়েছে এই বাইক বাহিনি।
ঘটনার খবর জানাজানি হতেই গ্রামবাসীরা একজোট হয়ে দুষ্কৃতীদের পালটা তাড়া করেন। গ্রামবাসীর প্রতিরোধের মুখে পড়ে দুষ্কৃতীরা তাঁদের দুটি বাইক ফেলে রেখেই এলাকা থেকে চম্পট দেয়। খবর পেয়ে রাতেই মগরাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ফেলে যাওয়া বাইক দুটি বাজেয়াপ্ত করে। গ্রামবাসীদের অভিযোগ, হামলাকারীরা সকলেই শাসকদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী।
শনিবার সকালে এলাকায় যান বিজেপি প্রার্থী গৌর সুন্দর ঘোষ। তিনি আক্রান্ত পরিবার ও কর্মীদের সঙ্গে কথা বলেন এবং পুলিশের কাছে দোষীদের দ্রুত গ্রেফতার ও কর্মীদের নিরাপত্তার দাবি জানান। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে যে, এর সাথে রাজনীতির কোনো যোগ নেই। ঘটনার প্রকৃত কারণ জানতে মগরাহাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
Kolkata,West Bengal




Post Comment