পুলিশের সামনেই BJP প্রার্থীকে কিল-চড়-ঘুষি !

পুলিশের সামনেই BJP প্রার্থীকে কিল-চড়-ঘুষি !

সুদীপ চক্রবর্তী ও ব্রতদীপ ভট্টাচার্য, কুমারগঞ্জ : সকাল থেকে একটু-আধটু গণ্ডগোল ছাড়া, সেঅর্থে হিংসার ঘটনা সামনে আসেনি। নির্বাচন কমিশনের একাধিক পদক্ষেপের পর ভোট নির্বিঘ্নেই শেষ হবে বলে আশা করা হচ্ছিল। কিন্তু, সময় যত গড়াচ্ছে তত একের পর এক হিংসার ঘটনা সামনে আসতে শুরু করেছে। এবার দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের স্বয়ং প্রার্থীকেই মারধরের অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। বিজেপি প্রার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পুলিশের সামনেই কুমারগঞ্জের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে কিল-চড়-ঘুষি মারা হয়েছে বলে অভিযোগ। যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। কিছু আগেই তাঁর এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে ছাঞ্চল্য ছড়ায় ! দুষ্কৃতীদের ধাওয়া করতে দেখা যায় স্বয়ং বিজেপি প্রার্থীকেই। তারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলে অভিযোগ ওঠে। কুমারগঞ্জের বিজেপি প্রার্থীর এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা অভিযুক্তদের ধাওয়া করেন প্রার্থী শুভেন্দু সরকার।

পরে মারধরের অভিযোগ প্রসঙ্গে বিজেপি প্রার্থী বলেন, “আমার ওপর হামলা করার চেষ্টা হয়েছে। গায়ে হাত দিতে পারেনি। গাড়ি ভেঙেছে। সাংবাদিকদেরও গাড়ি ভেঙেছে। আসলে সকাল থেকে এরা যে কাণ্ডটা করতে চেয়েছিল…প্রতিটি বুথ জ্যাম করবে, বিরোধী এজেন্টদের বের করে দেবে, কিন্তু আপনারা জানেন প্রায় ৮-১০ জায়গায় আমি এজেন্ট বসিয়েছি। যখন এই খবরটা গেছে, একটা সংকীর্ণ জায়গা ছিল, যেখানে আমরা ঢুকতে পারি, কিন্তু বেরনোটা কঠিন…ওরা পরিকল্পনা করে সেখানে আমাদের আটক করে, আমাদের ওপর হামলা চালানোর চেষ্টা করে।” 

কিন্তু, নির্বাচন কমিশন তো বারবার শান্তিপূর্ণ ভোটের কথা বলছিল। কেন্দ্রীয়বাহিনী কোথায় ? আপনি প্রার্থী যাচ্ছেন, সেখানে আপনি আক্রান্ত ? এর উত্তরে শুভেন্দু সরকার বলেন, “নির্বাচন কমিশন চেষ্টা করছে। কিন্তু, মোতায়েন করা তো স্থানীয় পুলিশ। আমি সকাল থেকে বলেছি, এখানকার এসপি নিরপেক্ষ নন। তিনি একেবারে পরিকল্পনা করে এগুলো করাচ্ছেন। এখানকার পুলিশ সুপারই তো নির্বাচন কমিশনের আন্ডারে। তাহলে সমস্ত দায়দায়িত্ব এখানকার পুলিশ সুপারের।” তাঁকে প্রশ্ন করা হয়, সকালেও আপনি নিজে লোকেদের তাড়া করেছেন । যেখানে কেন্দ্রীয়বাহিনীর এই কাজ করা উচিত। তারপর আপনি আক্রান্ত হলেন। কোথায় ছিলেন ? আপনি জানিয়েছেন অভিযোগ?

এর উত্তরে বিজেপি প্রার্থী বলেন, “আমি সকাল থেকে অনেকবার জানিয়েছি। তিনি এখন আরাম-কেদারায় বসে আরাম খাচ্ছেন। অফিসে বসে। তাঁর কোনও মোতায়েন নেই। এখানে সন্ত্রাসের মুক্তাঞ্চল বানানোর চেষ্টা করেছেন।” 

Post Comment

You May Have Missed