সিনেমা না পিকনিক? চলত গানবাজনা, ক্রিকেট খেলাও! শিবু-নন্দিতার শ্যুটিংয়ের গল্পে ঋষভ

সিনেমা না পিকনিক? চলত গানবাজনা, ক্রিকেট খেলাও! শিবু-নন্দিতার শ্যুটিংয়ের গল্পে ঋষভ

কলকাতা: গরমের ছুটিতে মুক্তি পাচ্ছে, নন্দিতা রায় (Nandita Roy) আর শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)-এর সিনেমা ‘ফুলপিসি ও এডওয়ার্ড’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, সেই সিনেমার প্রথম ঝলক। আর বুধবার মুক্তি পেল এই ছবির প্রথম গান, ‘মনের চাবি রে’। সিনেমায় যেমন রহস্য রয়েছে, তেমনই রয়েছে প্রেমের ছোঁয়াও। সিনেমার এই গানে দেখা গিয়েছে, শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudli), ঋষভ বসু (Rishav Basu) এবং সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee)। প্রেমের এক ত্রিকোণ রসায়ন ফুটে উঠেছে এই গান জুড়ে। এই গানটি কম্পোজ করেছেন জয় সরকার ও গানটি লিখেছেন, শ্রীজাত। এই গান জুড়ে উঠে আসা টুকরো টুকরো প্রেমের ছবি ইঙ্গিত দিয়ে যায়, এই ছবিতে রয়েছে সম্পর্কের সমীকরণ ও।

শ্যুটিং নাকি পিকনিক? অভিজ্ঞতার কথা শোনালেন ঋষভ

এই গানটি নিয়ে ঋষভ বলছেন, ‘২০১৬ সালে প্রথম উইন্ডোজ়-এর সঙ্গে কাজ করি। সেটা ছিল একটা মিউজিক ভিডিওর কাজ। দাদা আর দিদির সঙ্গে সেটাই প্রথম কাজ। তারপরে অনেকবার কথা হলেও, সিনেমায় কাজ করা আর হয়ে ওঠেনি। তার ঠিক ১০ বছর পরে, জানুয়ারিতে ‘ফুলপিসি ও এডওয়ার্ড’ ছবির শ্যুটিং হল। দাদা যখন ডেকে বললেন, ‘অবশেষে আমরা একসঙ্গে কাজ করব’, সেই কথাটা আমার কাছে স্বপ্নের মতো মনেই হয়েছিল। শ্যুটিংয়ের অভিজ্ঞতা সত্যিই বলে বোঝানো যাবে না। মনে হচ্ছিল একটা পিকনিকে এসেছি। সেখানে মাঝে মাঝে শ্যুটিং ও হচ্ছে একটু। পারিবারিক আর একটা আত্মিক যোগ অনুভব করেছি কাজটা করতে গিয়ে। শ্যুটিংয়ের ফাঁকে গান-বাজনা থেকে শুরু করে ক্রিকেট খেলা.. সবই হয়েছে। এই ছবিতে অনেক স্টারকাস্ট রয়েছে। তাঁদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তো অনন্য। যে গানটি আজ মুক্তি পেল, আমার ধারণা, সবার মনের তালা খুলতে পারবে এই গান, ‘মনের চাবি’। উইন্জোজ-এর ২৫তম বছরে, ২৫তম ছবির গান মুক্তি পেয়েছে। সেটাও আবার আমি, সৌম্য আর শ্যামৌপ্তিকে ঘিরে.. এটা একটা বাড়তি পাওনা তো বটেই। একটা উত্তেজনা কাজ করছে। আমি আশা করব, এই গানটা সবার ভাল লাগবে, আর ছবিটি যখন মুক্তি পাবে, তখন যেমন মানুষ হল ভরিয়ে ছবি দেখেন, সেটাই দেখবেন।’ 



Post Comment

You May Have Missed