নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল
মুম্বই: টাইগার শ্রফের উপর হামলার ঘটনায় এখনও থমথমে মায়ানগরী। সেই আবহেই নতুন তথ্য সামনে এল। জানা গিয়েছে, অভিনেতা এমরান হাশমির বাড়িতেও রেকি করতে বলা হয়েছিল হামলাকারীদের। কিন্তু এমরানের বাড়ি খুঁজে না পাওয়ায় তা সম্ভব হয়নি তাদের পক্ষে। (Attack on Tiger Shroff)
গত ১৮ অক্টোবর টাইগারের উপর হামলা হয়। একেবারে কাছ থেকে তাঁর গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। টাইগারের গাড়ির চালক এবং একজন ব্লগার গুলিবিদ্ধ হন সেই ঘটনায়। ওই ঘটনায় এখনও পর্যন্ত বেশ কয়েক জনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। (Emraan Hashmi)
পুলিশ জানিয়েছে, টাইগারের উপর হামলার আগে সলমন খান এবং আমির খানের বাড়িতেও রেকি করে হামলাকারীরা। সলমন বরাবরই বিশ্নোই গ্যাংয়ের নিশানায় ছিলেন। এবার আমিরের বাড়িতেও রেকি করা হয়। তবে আমির যে দক্ষিণ মুম্বইয়ের অন্য একটি বাড়িতে উঠে গিয়েছেন, তা জানত না হামলাকারীরা। ফলে আমিরের নাগাল পায়নি।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, এর পরই এমরানের বাড়ি রেকি করার নির্দেশ দেওয়া হয় তাদের। সেই চেষ্টাও চালায় দুষ্কৃতীরা। কিন্তু শেষ পর্যন্ত এমরানের বাড়ি খুঁজে পায়নি। সেকথা হ্যান্ডলারকে জানানোও হয়েছিল। অন্যত্র সুবিধা করতে না পেরে এর পরই টাইগারের উপর হামলা চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়। সোশ্যাল মিডিয়ায় একটি রিল দেখে জানা যায়, প্রতি রবিবার জুহুতে ফুটবল খেলতে যান টাইগার। সেই অনুযায়ীই, সেখানে হামলা চালানো হয় টাইগারের উপর।
টাইগারের উপর হামলার ঘটনায় সোমবার আরও চারজনকে গ্রেফতার করা হয় হরিয়ানার সোনিপত থেকে। গ্রেফতার করা হয় ২১ বছর বয়সি রাধা বর্মা, ২১ বছর বয়সি ববিতা রাও, ২১ বছর বয়সি কুণাল জমিনসিংহ, ১৯ বছর বয়সি সুমিত সারোলিয়াকে। ২৮ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে তাদের। তারাই অস্ত্রশস্ত্র সরবরাহ করেছিল বলে জানা গিয়েছে। এর মধ্যে কুণাল সরাসরি বিশ্নোই গ্যাংয়ের অপারেটর অনিল পণ্ডিতের সঙ্গে যোগাযোগ রাখছিল। অনিলই টাইগারের উপর হামলার দায় স্বীকার করে। কুণাল পিস্তল পৌঁছে দেয় রাধাকে। এর পর, ১৭ অক্টোবর রেহান আনসারির সঙ্গে দেখা করে তার হাতে পিস্তল তুলে দেয় ববিতা।
টাইগারের উপর হামলার পর অস্ত্রশস্ত্র ফিরিয়ে দিতে বলা হয়েছিল হামলাকারীদের। এখনও পর্যন্ত মোট ১১ জন গ্রেফতার হয়েছে এই ঘটনায়।
Post Comment