TATA-র অন্দরে তোলপাড়, স্বার্থের সংঘাতের অভিযোগ তুললেন নোয়েল টাটা
মুম্বই: টাটাগোষ্ঠীতে সংঘাত চরমে পৌঁছল। টাটা সন্সের এগজিকিউটিভ চেয়ারম্যান হিসেবে এন চন্দ্রশেখরনকে পুনরায় নিয়োগের বিরুদ্ধে আরও জোরাল আপত্তি জানালেন টাটা ট্রাস্টসের চেয়ারম্যান নোয়েল টাটা। ১৭ সেপ্টেম্বর চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগ নিয়ে বোর্ডের সিদ্ধান্তে পদ্ধতিগত ত্রুটি রয়েছে বলে দাবি করলেন তিনি। পাশাপাশি, বোর্ডের অপর পরিচালক বেণু শ্রীনিবাসনকে নিয়ে স্বার্থের সংঘাতের প্রশ্নও উস্কে দিয়েছেন। (Tata Trusts vs Tata Sons)
২৬ অক্টোবর টাটা সন্সের কোম্পানি সেক্রেটারি সুপ্রকাশ মুখোপাধ্যায়কে একটি চিঠি পাঠিয়েছেন নোয়েল, যাতে সাত দিনের মধ্যে সমস্ত নথিপত্র ও তথ্য প্রকাশের দাবি তুলেছেন তিনি। জানিয়েছেন, ১৭ সেপ্টেম্বর শ্রীনিবাসনকে পুনর্নিয়োগের সিদ্ধান্তটি বাতিলযোগ্য। TVS মোটর কোম্পানি এবং Hanno One Warehousing-এর মধ্যে হওয়া চুক্তি সম্পর্কে বোর্ড ওয়াকিবহাল কি না, প্রশ্ন তুলেছেন তিনি। জানিয়েছেন, Hanno One Warehousing-এর পরিচালকদের তালিকায় রয়েছেন চন্দ্রশেখরনের স্ত্রী এবং ছেলে। সেক্ষেত্রে স্বার্থের সংঘাত দেখা দিচ্ছে কি না, প্রশ্ন তুলেছেন তিনি। পুনর্নিয়োগ প্রক্রিয়ায় শ্রীনিবাসনের অংশগ্রহণ নিয়েও তুলেছেন প্রশ্ন। (Noel Tata)
‘নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটি’র ভূমিকা, টাটা সংস্থার আচরণ বিধি মেনে চলা হয়েছে কি না, চন্দ্রশেখরনের পুনর্নিয়োগের সমর্থনে টাটা সন্স যে আইনি পরামর্শ গ্রহণ করেছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন নোয়েল। তাঁর যুক্তি, ২০২৭ সালের ২১ ফেব্রুয়ারি থেকে পাঁচ বছরের জন্য় চন্দ্রশেখরনের পুনর্নিয়োগের প্রস্তাবটি যথাযথ পদ্ধতি মেনে উত্থাপন করা হয়নি। পুনর্নিয়োগের বিরুদ্ধে আপত্তির মীমাংসা না হলেও, পুনর্নিয়োগের সিদ্ধান্তকে চূড়ান্ত বলে গণ্য করা হয়েছে। বোর্ডের আলোচ্যসূচি বা সংশোধিত আলোচ্যসূচিতে কার্যনির্বাহী চেয়ারম্যানের পুনর্নিয়োগে নিয়ে কোনও প্রস্তাবের উল্লেখই ছিল না। তা সত্ত্বেও প্রস্তাবটি তোলা হয়।
টাটা সন্সের সঙ্ঘবিধির ১১৮ নম্বর অনুচ্ছেদ তুলে ধরে নোয়েল নির্বাচন কমিটি গঠন না করা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানিয়েছেন, ১৩ অগাস্ট নির্বাচন কমিটি গঠনের আর্জি জানানো হয়েছিল। কিন্তু ১০৪-বি অনুচ্ছেদ অনুযায়ী সেই নিয়ে যে ভোটের প্রয়োজন ছিল, তা মেলেনি। পূরণ হয়নি ভোটের সঙ্গে যুক্ত শর্তাবলীও। সেক্ষেত্রে প্রস্তাবটি বাতিলযোগ্য। পাশাপাশি, চূড়ান্ত কার্যবিবরণীও হাতে পাননি, আপত্তিগুলি নিয়ে কোনও জবাবও আসেনি বলে দাবি করেছেন। ১৭ সেপ্টেম্বরের বৈঠকের অডিও-ভিডিও রেকর্ডিং, কথোপকথনের মিনিটস, চূড়ান্ত কার্যবিবরণী, ভোটিং রেকর্ড, আলোচ্যসূচির ভিন্ন ভিন্ন সংস্করণ এবং বোর্ডের নথিপত্রে কী কী পরিবর্তন ঘটানো হয়, তার বিশদ তথ্য চেয়েছেন তিনি।
Hanno One Warehousing-এর কথা উল্লেখ করে নোয়েল জানিয়েছেন, চন্দ্রশেখরনের স্ত্রী ললিতা এবং ছেলে প্রণব ওই সংস্থার পরিচালক। সংস্থার ৯৯.৯৯ শতাংশ মালিকানা Hanno Infra LLP-র হাতে। এব্যাপারে কিছু প্রতিবেদনও তুলে ধরেছেন তিনি, যাতে বলা হয়েছে, ২০২৫ সালের জুন মাসে TVS মোটরস নিজেদের হোসুরের কারখানার নিকটবর্তী ১৭.৪১ একর জমি Hanno One-কে ২৯ বছরের জন্য ইজারা দেয়। চুক্তি নবীকরণ নির্ভর করছে Hanno One-এর উপরই। বর্তমানে TVS মোটরসের জন্য ৩ লক্ষ ৩০ হাজার ৪১৮ বর্গফুটের নির্মাণস্থল তৈরি করেছে Hanno One. এর জন্য অগ্রিম ২৭ কোটি টাকা পেয়েছে তারা, যেখানে প্রকল্পের জন্য মোট ১০৬ কোটি টাকা বরাদ্দ হয়েছে। পাশাপাশি, HDFC ব্য়াঙ্ক থেকে ঋণ নেওয়া হয়েছে ৬০ কোটি টাকার। এর জন্য Hanno One-এর ইজারা স্বত্ত্ব এবং নির্মাণাধীন ওই বিল্ডিংয়কে জামানত হিসেবে রাখা হয়েছে।
অন্য দিকে, মহীশূররে TVS মোটরসের যে কারখানা আছে, সেখানে ৩৩০ কোটি টাকা খরচ করে ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ার পরিকল্পনা রয়েছে। সেটি TVS মোটরস এবং তাদের সাপ্লায়ারদের জন্য় তৈরি হচ্ছে মূলত। ২০২৫ সালের ৬ নভেম্বরের কর্নাটক ল্যান্ড অডিট কমিটির কার্যবিবরণী তুলে ধরে নোয়েল জানিয়েছেন, Hanno One-এর এক প্রতিনিধি সেখানে জানিয়েছেন, TVS মোটরসের সঙ্গে চুক্তি হয়েছে তাঁদের। চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের বিষয়টি বিবেচনা করে দেখার আগে, তাঁর বাণিজ্যিক সম্পর্কের কথা টাটা সন্স-কে জানানো হয়েছিল কি না, প্রশ্ন তুলেছেন নোয়েল। তিনি জানিয়েছেন, এমন কিছু হয়েছিল বলে মনে পড়ছে না তাঁর। ১৭সেপ্টেম্বরের বৈঠকে শ্রীনিবাসন শুধুমাত্র একটি কথাই জানান যে, ২০২৬ সালের ১০ জুন TVS গ্রুপের সংস্থাগুলির পরিচালক পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। অথচ স্বার্থের সংঘাতের প্রশ্ন যেখানে অবধারিত, সেখানে Hanno One বা TVS-এর সঙ্গে লেনদেন সংক্রান্ত কোনও তথ্যই প্রকাশ করা হয়নি সকলের সামনে।
চিঠিতে টাটা সন্সের এক মুখপাত্ররে মন্তব্যও তুলে ধরেছেন নোয়েল, যেখানে বলা হয়, ২০২৫ সালের এপ্রিল মাসে Hanno One গঠনের বিষয়টি চন্দ্রশেখরন নেতৃত্বাধীন সংস্থাগুলিকে জানানো হয়েছিল। TVS মোটরসের সঙ্গে লেনদেনের বিষয়টি জানানোর প্রয়োজন ছিল না টাটা সন্সকে। শ্রীনিবাসন TVS মোটরসের চেয়ারম্যান এমিরেটাস এবং টাটা সন্সের NRC-র সদস্যও। ওই কমিটিতই এগজিকিউটিভ চেয়ারম্যানের কর্মক্ষমতা, পারিশ্রমিক বিবেচনা করে। ফলে তাঁকেও নিশানা করেছেন নোয়েল। ৩ সেপ্টেম্বর কমিচির আলোচনায় অংশ নেন শ্রীনিবাসন। পরিচালক হিসেবে ভোট দেন তিনি। ১৭ সেপ্টেম্বর সেই ভোট ব্যবহৃত হয় চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগে। ওই ভোটাভুটিতে অংশ নেওয়ার আগে TVS মোটরস এবং চন্দ্রশেখরনের পরিবারের মধ্যেকার সম্পর্কের কথা টাটা ট্রাস্টস এবং বোর্ডকে শ্রীনিবাসনের জানানো উচিত ছিল বলে জানিয়েছেন নোয়েল। তাঁর বক্তব্য, “ব্যক্তির পুনর্নিয়োগ নিয়ে তাঁকে ভোট দিতে বলা হয়েছে, সেই ব্যক্তির সঙ্গে নিজের সংস্থার সম্পর্কের কথা প্রকাশ করা শ্রীনিবাসনের দায়িত্ব ছিল। আলোচনা এবং ভোটদান থেকে বিরত থাকা উচিত ছিল তাঁর।” তা যেহেতু হয়নি, তাই কমিচির সুপারিশ এবং পরবর্তীতে বোর্ডের সিদ্ধান্তের বৈধতাই নেই বলে মত নোয়েলের।
Post Comment