অভয়ার মাকে বিশেষ অনুরোধ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, বিজেপি প্রার্থীর জবাব, ‘ওঁর পিসিই তো…’
কলকাতা: প্রচারে বেরিয়ে এবার বিজেপি প্রার্থী তথা অভয়ার মা রত্না দেবনাথকে বিশেষ আবেদন জানালেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। বিজেপি-কে আক্রমণ করে অভিষেক বললেন, “যাঁরা মৃত্যু নিয়ে রাজনীতি করেন, মাটিকে কালিমালিপ্ত করছেন, মানুষ তাঁদের ক্ষমা করবেন না।” অভয়ার মাকে বিশেষ অনুরোধও জানান তিনি। অভিষেকের এই মন্তব্যে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন অভয়ার মা। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাায়কে আক্রমণ করেছেন তিনি। (Abhishek Banerjee on Ratna Debnath)
পানিহাটিতে প্রচারে গিয়ে বিজেপি-কে আক্রমণ করেন অভিষেক। পাশাপাশি অভয়ার মাকে যাতে কেউ আক্রমণ না করেন, সেই মর্মে আবেদন জানান তৃণমূলের সমর্থকদের। তিনি বলেন, “আমার ভাবতে কষ্ট হয়, খারাপ লাগে, যারা মৃত্যু নিয়ে রাজনীতি করে, এই মাটিকে কলুষিত করে, কালিমালিপ্ত করেছে…আর যাই হোক পানিহাটির মানুষ তাদের ক্ষমা করবে না। আমি সকলকে অনুরোধ করব, বিশেষ করে তৃণমূলের সমর্থক, সৈনিক যারা। বিজেপি-র যিনি প্রার্থী হয়েছেন, হাতজোড় করে আবেদন, কেউ শালীনতার বাইরে গিয়ে ভদ্রমহিলাকে বা বিজেপি-র প্রার্থীকে আক্রমণ করবেন না। আমাদের দল এটা আমাদের শেখায়নি।” (RG Kar Victim Family)
আর জি কর মামলার প্রসঙ্গ টেনে অভিষেক আরও বলেন, “৪৮ ঘণ্টার মধ্য়ে কলকাতা পুলিশ যাকে গ্রেফতার করেছিল, সেই সঞ্জয় রায়কে এখনও শাস্তি দিতে পারেনি সিবিআই। তাই দেড় বছর ধরে তদন্ত চলছে। আমি বিজেপি-র প্রার্থীকে খালি এতটুকু অনুরোধ করব, আগামী ২৪ তারিখ আমি শুনছিলাম এখানে প্রধানমন্ত্রী আসবেন। আমাদের এতটুকু আবেদন খালি আপনার কাছে, হাতজোড় করে অনুরোধ, আপনি যদি সত্যিই চান, এরকম ঘটনা বাংলায় বা ভারতে আর না ঘটুক, তাহলে দয়া করে প্রধানমন্ত্রীকে তাঁর সভামঞ্চে বলবেন, রাষ্ট্রপতিকে বিলে সম্মতি দিতে, যাতে অপরাজিতা বিল পাস হয়।”
অভিষেকের ওই মন্তব্যে পাল্টা প্রতিক্রিয়া জানাতে গিয়ে অভয়ার মা বলেন, “আমি তো যেটুকু দেখেছি, ওই অপরাজিতা বিলটাই ইনভ্যালিড। কারণ ওতে কোনও কিছুই নেই। যে তথ্যপ্রমাণ লোপাট হয়েছে আমার মেয়ের মৃত্যুর পর, তার কোনও অংশ ওই বিলে দেখিনি। তাহলে আমি প্রধানমন্ত্রীকে কেন ওটা বলতে যাব! কটূক্তি তো করা হয়ে গিয়েছে! তার পর আর কি হবে এসব কথা বলে? কিছুই বাকি নেই আমাকে বলতে আর। মৃত্যুটা হল কেন? হাসপাতালের মতো একটা সুরক্ষিত জায়গায়, আমার মেয়ের দ্বিতীয় বাড়ি সেটা, সেখানে এই মত্যুটা হল কেন? সেই উত্তরটা আগে দিতে বলবেন ওঁকে, তার পর আমি বলব।”
মমতাকে নিশানা করে অভয়ার মা বলেন, “সবচেয়ে আগে ওঁর পিসি তড়িঘড়ি করেছেন তথ্য়প্রমাণ লোপাটে। বিনীত গোয়েল, মুরলিধর শর্মা…বড় বড় অফিসারদের ওঁর পিসি না পাঠালে, তাঁরা যেতেন না। সঞ্জয় রায় প্রকৃত অপরাধী কি না, সেটাও এখনও ঠিক হয়নি। কারণ যে তথ্যপ্রমাণের ভিত্তিতে সঞ্জয় রায়কে জেলে রাখা হয়েছে, সেই তথ্যপ্রমাণে আরও অনেকেই তাহলে জেলে থাকত।”



Post Comment