টি-টোয়েন্টিতে ভারতের নেতৃত্বে কি শ্রেয়সই? সূর্যর ছাঁটাই হওয়া সময়ের অপেক্ষা
মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) টি-টোয়েন্টি ফর্ম্য়াটে আগামী সময়ের অধিনায়ক কে? এখনও পর্যন্ত যা খবর, তাতে শ্রেয়স আইয়ারের ক্যাপ্টেন হিসেবে জাতীয় দলের টি-টোয়েন্টি ফর্ম্যাটে খেলা শুধু সময়ের অপক্ষে এখন। সেক্ষেত্রে কি ইংল্য়ান্ড সিরিজেই সূর্যকুমার যাদবকে সরিয়ে দেওয়া হবে? গত ৭ বছরের নিজেকে অন্য় উচ্চতায় নিয়ে গিয়েছেন শ্রেয়স। ক্যাপ্টেন্সিতেও সাফল্য পাচ্ছেন টি-টোয়েন্টি ফর্ম্য়াটে। চলতি টুর্নামেন্টেও যেভাবে সাফল্য পেয়েছে তাঁর নেতৃত্বে পঞ্জাব শিবির, তার জন্যই শ্রেয়সকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে বিসিসিআই।
২০১৮ সালে দিল্লির ক্যাপ্টেন ছিলেন গৌতম গম্ভীর। কিন্তু টুর্নামেন্টের মাঝে নিজেকে একাদশ থেকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন গম্ভীর নিজেই। এরপরই শ্রেয়স ক্যাপ্টেন্সি পান। সেই থেকে অধিনায়ক হিসেবে পথ চলা শুরু ডানহাতি ব্যাটারের। ২০২২ সালে কেকেআর শ্রেয়সকে দলে নেয়। সেখান থেকেই ধীরে ধীরে পাকাপাকিভাবে অধিনায়কত্ব শুরু করেন মুম্বইকর। ২০২৪ সালে গম্ভীর নাইটদের মেন্টর হিসেবে যোগ দেওয়ার পর ফের একবার শ্রেয়স-গম্ভীর জুটি বাঁধেন। দু’জনে মিলে দলকে চ্য়াম্পিয়নও করেন। তবে কেকেআরকে শ্রেয়সকে ধরে রাখেনি ২০২৫ মরশুমের আগে। পঞ্জাব শ্রেয়সকে নিলাম থেকে তুলে নিয়ে তাঁকে ক্যাপ্টেন ঘোষণা করে দেয়। আর পঞ্জাব ক্যাপ্টেন হিসেবে প্রথম বছরেই দলকে ফাইনালে তুলে দেন ডানহাতি ব্যাটার। আর চলতি মরশুমে এখনও পর্যন্ত পঞ্জাব পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে। শ্রেয়স নিজেও ব্যাট হাতে ছন্দে রয়েছে।
ভারতের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে আগামী জুনে। ইংল্যান্ডের মাটিতে সিরিজ খেলতে যাবে ভারতীয় দল। এরপর জুলাইয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজও রয়েছে। এই দুটো সিরিজে সূর্যকুমার আদৌ ক্য়াপ্টেন থাকবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। যদিও বা ক্যাপ্টেন থাকেন, তাহলেও তাঁর পারফরম্য়ান্সকে আতস কাঁচের তলায় এনে দেখা হবে। গম্ভীর সূর্যকেই চাইছেন তাঁর দলের ক্যাপ্টেন হিসেবে। তবে বোর্ড এবার কড়া সিদ্ধান্ত নিতে পারে। আর শুধু ক্যাপ্টেন্সিই নয়, দলে ব্যাটার হিসেবেও নিজের জায়গা ধরে রাখাটা খানিকটা চ্যালেঞ্জিং হতে পারে সূর্যকুমারের জন্য। সেই সম্ভাবনাও দিয়ে রেখেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা। সংবাদ সংস্থা PTI-কে দেওয়া সাক্ষাৎকারে সেই বোর্ড কর্তা জানিয়েছেন, ”অবশ্যই সূর্যকুমার এই মুহূর্তে ভারতীয় দলের ক্যাপ্টেন টি-টোয়েন্টি ফর্ম্য়াটে। ইংল্যান্ড সফরেও ও যাবে। কিন্তু এরপর হয়ত ভাবতেই হবে। কারণ শুধু ক্যাপ্টেন্সিতেই তো দলে জায়গা রাখা যায় না। ওকে নিজের ব্যাটিংয়েও পারফর্ম করতে হবে ধারাবাহিকভাবে। কারণ ২০২৮ লস এঞ্জেলস অলিম্পিক্সের দিকেও আমাদের নজর রাখতে হবে।”



Post Comment