গুরুদ্বারের বাইরে এলোপাথাড়ি গুলি, ইতালিতে নিহত দুই ভারতীয়,বৈশাখী উৎসবে যোগ দিতে গিয়েছিলেন
নয়াদিল্লি: ইতালিতে গুলি করে মারা হল দুই ভারতীয়কে। গুরুদ্বার থেকে বেরনোর সময় গুলি করা হয়। ঘটনাস্থলেই মারা যান ওই দুই ব্যক্তি। গুলি করার পরই গাড়িতে চেপে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। রীতিমতো পরিকল্পনা মাফিকই এই ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করা হচ্ছে। (Indians Shot Dead in Italy)
গুরুদ্বারের বাইরে গুলি করে খুন করা হল দুই ভারতীয়কে
ইতালির কোভো থেকে এই ঘটনা সামনে এসেছে। শুক্রবার বৈশাখী উৎসবে যোগ দিতে গিয়েছিলেন ওই দুই ব্যক্তি। La Sicilia সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, শিল্পাঞ্চলের বুকে একটি পুরনো গুদামঘর গুরুদ্বার হিসেবে ব্যবহৃত হয়। সেখানেই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ওই দু’জন। আরও বহু মানুষ উৎসবে যোগ দিতে গিয়েছিলেন। (Italy Gurudwara Shooting)
বৈশাখী উৎসবে যোগ দিতে গিয়েছিলেন নিহতরা
নিহত দুই ভারতীয়কে রাজিন্দর সিংহ (৪৮) এবং গুরমীত সিংহ (৪৮) বলে শনাক্ত করা গিয়েছে। একজন কোভোরই বাসিন্দা, অন্য় জন আগনাদেলোর। জানা গিয়েছে, কথা বলতে চায় এমন ভাবে দুষ্কৃতীরা ওই দু’জনের দিকে এগিয়ে যায় এবং মুহূর্তের মধ্যেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। রাজিন্দর এবং গুরমীত রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে দুষ্কৃতীরা গাড়িতে চেপে চম্পট দেয়।
পরিকল্পিত হামলার জেরেই এমন পরিস্থিতি?
ঘটনাস্থল থেকে ১০টি গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। তাই হঠাৎ কোনও ঝগড়া ঝামেলা থেকে নয়, বরং পরিকল্পিত ভাবেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে সন্দেহ। দুষ্কৃতীদের মধ্য়ে একজন ভারতীয় বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। সে-ও নিয়মিত গুরুদ্বারে আসাযাওয়া করত বলে অভিযোগ। তাদের ছোড়া গুলিতে তৃতীয় একজনও আহত হয়েছেন বলে খবর। বেছে বেছে উৎসবের সময় হামলা চালানোও দুষ্কৃতীদের পরিকল্পনার অংশ বলেও মনে করা হচ্ছে।
শান্তিপূর্ণ এলাকায় হঠৎ হামলা
কোভোর মেয়র অ্যাদ্রিয়া কাপেলেত্তিকে উদ্ধৃত করে La Sicilia জানিয়েছে, কোভোয় বহু দিন ধরেই বসবাস শিখ সম্প্রদায়ের মানুষজনের। বারবর শান্তিপূর্ণ সহাবস্থানই বজায় থেকেছে। গত ১৫ বছরে অন্তত একটি ঝামেলাও ঘটেনি। তাই এই হত্য়াকাণ্ড সাড়া ফেলে দিয়েছে। মৃত দু’জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রত্যক্ষদর্শীদের।
এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। ঠিক কত জন মিলে হামলা চালানো হয়, এখনও পর্যন্ত নির্দিষ্ট ভাবে জানা যায়নি। তবে শান্তিপূর্ণ ওই এলাকায় এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।



Post Comment