এক মাসে ২৫ শতাংশ লাফ, ফের নজরে এই শেয়ার- ৫৭২ কোটির অর্ডার পেয়েছে সংস্থা
Defence Stocks: ভারতের প্রতিরক্ষা খাতের একটি পাবলিক সেক্টর সংস্থা ভারত ইলেকট্রনিক্স এখন সকলের নজরে, বলা ভাল এই সংস্থার শেয়ার এখন বিনিয়োগকারীদের নজরে। বিগত কয়েক সপ্তাহের মধ্যেই বিপুল লাফ দিয়েছে এই সংস্থার স্টকের (Stocks to Watch) দাম। অপারেশন সিঁদুরের পর থেকেই হু হু করে বেড়ে গিয়েছে স্টকের দাম। ভারত ইলেকট্রনিক্স সংস্থার শেয়ারের দাম ১৭ এপ্রিল থেকে ১৬ মে পর্যন্ত মেয়াদে এক ধাক্কায় ২৪.২ শতাংশ বেড়েছে। আর এখন এই সংস্থার স্টকের দাম (BEL Stock Price) এসেছে ৩৬৩.৯ টাকায়।
শুক্রবার ১৬ মে তারিখে ভারত ইলেকট্রনিক্সের শেয়ারের দাম ৩৭১.১৫ টাকার সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছিল। তারপর বাজার বন্ধের সময় স্টকের দাম নেমে আসে ৩৬৩.৯ টাকার স্তরে। গত সপ্তাহে এই স্টকের দাম ১২ শতাংশ লাফ দিয়েছিল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ও বম্বে স্টক এক্সচেঞ্জে।
বিইএল শেয়ারের দাম গত এক বছরের নিরিখে ৫১ শতাংশ উত্থানে রয়েছে। যদিও গত ৫ বছরে এই স্টকের দাম ১৫০০ শতাংশ বেড়ে গিয়েছে। আর এর মাধ্যমেই এই স্টক হয়ে গিয়েছে শেয়ার বাজারের বড় মাল্টিব্যাগার। ১৬ মে শুক্রবারে বাজার বন্ধের পরেই একটি রেগুলেটরি ফাইলিংয়ে ভারত ইলেকট্রনিক্স জানিয়েছে ২০২৫ সালের ৭ এপ্রিলের পর আরও একটি ৫৭২ কোটি টাকার প্রতিরক্ষা অর্ডার পেয়েছে এই সংস্থা।
এই রেগুলেটরি ফাইলিংয়ে ভারত ইলেকট্রনিক্স জানিয়েছে, ‘যে সমস্ত অর্ডার এসেছে সেগুলির মধ্যে সর্বাধি রয়েছে ড্রোন ডিটেকশন এবং ইন্টারডিকশন সিস্টেম, সফটওয়্যার ডিফাইনড রেডিও এবং ডেটা কমিউনিকেশন ইউনিট ইত্যাদির। জাহাজের জন্য এআই ভিত্তিক সমাধান, সিমুলেটর, কমিউনিকেশন ইকুইপমেন্ট, জ্যামারস, স্পেয়ারস, সার্ভিসেস ইত্যাদি।’
আর তাই আশা করা হচ্ছে এখন সকল বিনিয়োগকারীদের নজর থাকবে এই শেয়ারের উপরে। ব্রোকারেজ হাউজগুলিও এই স্টকে বিগত কয়েক মাস ধরেই বুলিশ রিমার্ক দিয়েছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও দেখুন



Post Comment