গতকাল কমার পর ফের চড়চড়িয়ে বাড়ছে সোনার-রুপোর দাম!

গতকাল সন্ধের পর সোনা ও রুপোর দাম পড়ে যায় হুড়মুড়িয়ে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের এপ্রিলের গোল্ড ফিউচার পড়ে গিয়েছিল ২ হাজার টাকার বেশি। আবার একই মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের মার্চের সিলভার ফিউচার পড়ে গিয়েছিল প্রায় ৭ হাজার টাকা। আর তারপরই দেখা গেল এক অভূতপূর্ব উত্থান।

কত বেড়েছে সোনা-রুপোর দাম?

২৫ ফেব্রুয়ারি দুপুর ২টো বেজে ১০ মিনিটের তথ্য বলছে, সোনার দাম বেড়েছে প্রায় ০.৭৮ শতাংশ। হিসাব করলে যা হয় ১ হাজার ২০০ টাকার মত। অন্যদিকে, রুপোর দাম বেড়েছে প্রায় ৭ হাজার টাকার মতো, শতাংশের বিচারে তা হয় প্রায় ২.৭ শতাংশের মতো।

কী কারণে এই দাম বৃদ্ধি?

সর্বভারতীয় এক সংবাদ সংস্থার দেওয়া তথ্য বলছে বিশ্বব্যাপী বাণিজ্যে অনিশ্চয়তা ও ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণেই দাম বাড়ছে সোনার। আসলে দুই ধরনের ঘটনা একসঙ্গে ঘটার কারণেই সোনার দামে এই বৃদ্ধি দেখা গিয়েছে। একদিকে মার্কিন ডলারের দাম কমেছে। অন্যদিকে, বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক সোনা কেনা শুরু করেছে।

আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়েছে। মঙ্গলবার আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘সন্ত্রাসবাদের ১ নম্বর পৃষ্ঠপোষক’ বলে অভিহিত করেন। এ ছাড়াও শুল্ক নিয়ে ট্রাম্পের বারবার মত বদলের ফলে বেড়েছে অনিশ্চয়তা। আর সেই কারণেই বিনিয়োগকারীরা সোনায় বিনিয়োগের দিকে ঝুঁকেছেন।

একাধিক সংবাদ সংস্থার প্রতিবেদন বলছে, হোয়াইট হাউসের এক কর্মকর্তা নাকি জানিয়েছেন, শীঘ্রই প্রায় ১৫ শতাংশ শুল্ক বৃদ্ধি করা হবে। যদিও বর্তমানে আমদানির উপর আমেরিকা ১০ শতাংশ শুল্ক আদায় করে।

বিশেষজ্ঞরা বলছেন, জানুয়ারির হিসাব দেখলে পিপলস ব্যাঙ্ক অফ চায়না টানা ১৫ মাস ধরে সোনা কিনছে। যা নাকি আগামীতে সোনার দামকে টেনে উপরের দিকে তোলার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

সোনা ও রুপোর দামের এই বাড়া ও কমে যাওয়া নিয়ে বলতে গিয়ে এক বিশেষজ্ঞ বলেন, ১ লক্ষ ৬১ হাজার টাকা থেকে ১ লক্ষ ৬৩ হাজার টাকার মধ্যে সোনা একটা প্রতিরোধ দেখতে পাবে। আবার অন্যদিকে তিনি বলছেন, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের মার্চের সিলভার ফিউচার ২ লক্ষ ৬৬ হাজার টাকা থেকে ২ লক্ষ ৭১ হাজার টাকার মধ্যে একটা প্রতিরোধ দেখতে পাবে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

তথ্যসূত্র: IANS

Post Comment