অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার পর এবার ওয়েস্ট ইন্ডিজ়কে ধাক্কা দেবে দুরন্ত জ়িম্বাবোয়ে?

অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার পর এবার ওয়েস্ট ইন্ডিজ়কে ধাক্কা দেবে দুরন্ত জ়িম্বাবোয়ে?

মুম্বই: দু’বছর আগে টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি জ়িম্বাবোয়ে। আর এবার তারাই টুর্নামেন্টে হাজির জায়ান্ট কিলার হিসাবে। প্রথমে অস্ট্রেলিয়া, তারপর শ্রীলঙ্কা, দুই বড় দলকে হারিয়ে চমক দিয়েছে জ়িম্বাবোয়ে। জায়গা করে নিয়েছে সুপার এইটে। সোমবার সুপার এইটে তাদের সামনে ওয়েস্ট ইন্ডিজ়। ফের কি অঘটন? ক্যারিবিয়ানদের ধাক্কা দেবে আফ্রিকার দল?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বল হাতে জ্বলে উঠেছিলেন ব্লেসিং মুজ়ারাবানি (Blessing Muzarabani)। কলম্বোর মন্থর পিচে অস্ট্রেলিয়াকে রুখে দিয়েছিলেন। তারপর ক্ষেত্তারামা স্টেডিয়ামে পরের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮৯ রান তাড়া করে চমক দিয়েছিল জ়িম্বাবোয়ে। দুই ম্যাচেই ব্রায়ান বেন্নেট হাফসেঞ্চুরি করেন। ঝোড়ো ব্যাটিং করেন সিকন্দর রাজা। টুর্নামেন্টে সেরা দশ উইকেটশিকারির তালিকায় রয়েছেন জ়িম্বাবোয়ের দুজন – মুজারাবানি ও ব্র্যাড ইভান্স।

 

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ়কেও যে স্বস্তি দেবে না জ়িম্বাবোয়ে, বলার অপেক্ষা রাখে না। তবে তাদের একটাই সমস্যা। জ়িম্বাবোয়ে গ্রুপের সব ম্যাচই খেলেছে শ্রীলঙ্কায়। ভারতে চলতি বিশ্বকাপে প্রথমবার নামবে তারা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে যেখানে ইতিমধ্যেই দুটি ম্যাচ খেলে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ়। এখানকার পিচ ও পরিবেশের সঙ্গে সড়গড় ক্যারিবিয়ানরা।

টি-২০ ক্রিকেটে এই দুই দল এখনও পর্যন্ত চারবার একে অপরের বিরুদ্ধে খেলেছে। খাতায় কলমে ওয়েস্ট ইন্ডিজ় এগিয়ে। শাই হোপ, শিমরন হেটমায়ার, শেরফান রাদারফোর্ড – একের পর এক বিধ্বংসী সব ব্যাটার তাদের দলে। চোট সারিয়ে ফিট অলরাউন্ডার রোমারিও শেফার্ড দলে ফিরতে তৈরি। ম্যাথু ফোর্ডের পরিবর্তে খেলতে পারেন। এখনও পর্যন্ত চলতি টি-২০ বিশ্বকাপে মুম্বইয়ে জোরে বোলাররা ৩৫টি ও স্পিনাররা ৩৪টি উইকেট নিয়েছেন। সোমবারও হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা। দুই দলের কাছেই বড় ম্যাচ। কারণ, পরের দুই ম্যাচে ভারত ও দক্ষিণ আফ্রিকা – দুই শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে তারা। সোমবার তাই পয়েন্ট পেতে মরিয়া থাকবে দুই দলই।

চলতি টি-২০ বিশ্বকাপে বল হাতে সাড়া ফেলে দিয়েছেন মুজ়ারাবানি। ধারাবাহিকভাবে উইকেট তুলছেন। উচ্চতাকে কাজে লাগান। গতি আর মাপা লাইন-লেংথ তাঁর অন্যতম অস্ত্র। নতুন বলে বিপজ্জনক। ডেথ ওভারেও কার্যকরী। শর্ট বল করেন বুদ্ধিমত্তার সঙ্গে। স্লোয়ার বলও রয়েছে হাতে।

মুজ়ারাবানি বনাম শাই হোপ লড়াই উত্তেজক হতে পারে। আগ্রাসী ব্যাটিং করেন হোপ। ইনিংস তৈরি করতে পারেন। আবার প্রতিপক্ষ বোলিংকে ছিঁড়ে খেতেও তাঁর জুড়ি মেলা ভার। দল চাপে পড়লেও শট খেলে স্কোরবোর্ড চালু রাখেন।

 

Post Comment

You May Have Missed