পরমাণু অস্ত্রের ব্ল্যাকমেল সইব না, জঙ্গি ও পাকের একই পরিণতি হবে, ওয়ার্নিং মোদীর
পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ হতে পারে। কিন্তু সেই পরমাণু অস্ত্রের জুজু দেখিয়ে সন্ত্রাসবাদে মদত দিয়ে পাকিস্তান যদি মনে করে যে ভারত চুপ করে বসে থাকবে অথবা সেই অস্ত্রভান্ডারের কারণে ভারত মেপে পা ফেলবে, তাহলে খুব বড় ভুল করছে ইসলামাবাদ। কারণ পরমাণু অস্ত্র নিয়ে ভারত যে কোনওরকম ‘ব্ল্যাকমেল’ সহ্য করবে না, তা স্পষ্টভাষায় জানিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, ইসলামাবাদ শুধরে না গেলে আগামিদিনে জঙ্গি এবং পাকিস্তানি সরকার বা সেনাকে আলাদা চোখে দেখা হবে না। আর সেক্ষেত্রে কোনওরকম করুণা বা দয়া-দাক্ষিণ্য ছাড়া কঠোর পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
সোমবার জাতির উদ্দেশে ভাষণে ভারতের প্রধানমন্ত্রী জানান, ‘অপারেশন সিঁদুর’-র মাধ্যমে ভারত ‘নিউ নর্ম্যাল’-র সূচনা করল। আর সেই ‘নিউ নর্ম্যাল’ কী, তা ব্যাখ্যা করে মোদী বলেন, ‘ভারতে জঙ্গি হামলা হলে যোগ্য জবাব দেওয়া হবে। আমরা নিজেদের মতো করে, নিজেদের শর্তে জবাব দিয়েই ছাড়ব। যে যে জায়গা থেকে সন্ত্রাসবাদের মূল ছড়িয়ে পড়েছে, সেখান গিয়েই কড়া ব্যবস্থা নেওয়া হবে।’
সেই রেশ ধরেই ‘নিউ নর্ম্যাল’-র অপর বিষয়গুলি ব্যাখ্যা করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘দ্বিতীয়ত, কোনওরকম নিউক্লিয়ার ব্ল্যাকমেল সইবে না ভারত। পরমাণু শক্তিধর বলে দোহাই দিয়ে সন্ত্রাসবাদকে ফুলেফেঁপে উঠতে দেওয়া হলে উপযুক্ত এবং নির্ণায়ক পদক্ষেপ করবে ভারত। তৃতীয়ত, সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদে মদত দেওয়ার সরকারকে আমরা আলাদা চোখে দেখব না।’
(বিস্তারিত পরে আসছে)



Post Comment