Bangladesh: হলে রাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়!
সেলিম রেজা, ঢাকা: বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের হল কমিটি ঘোষণার পর আবাসিক হলে রাজনীতি নিষিদ্ধের দাবিতে ফের মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার রাত ১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হল এলাকা থেকে মিছিল শুরু করেন।
আরও পড়ুন:Train Accident: ১০ ওয়াগান লাইনচ্যুত! যার জেরে বাতিল ২০ টি ট্রেন, সপ্তাহান্তে ভোগান্তি…
এ সময় তারা স্লোগান দেন- ‘ওয়ান টু থ্রি ফোর, হল পলিটিক্স নো মোর’। পরবর্তীতে বিভিন্ন স্লোগান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল নিয়ে টিএসসিতে এসে জড়ো হন শিক্ষার্থীরা। বিক্ষোভে শেখ মুজিবুর রহমান হল, মুহসীন হল, বিজয় ৭১ হল, এ এফ রহমান হলসহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা অংশ নেন। রোকেয়া হলের ছাত্রীরা গেটের তালা ভেঙে বাইরে বের হয়ে এসে বিক্ষোভ করেন।
এর আগে রোকেয়া হলের শিক্ষার্থীরা হলভিত্তিক ছাত্র রাজনীতি ও ছাত্রদলের নবগঠিত কমিটি অবিলম্বে বিলুপ্ত করার দাবি জানান। তারা হল প্রশাসনকে হুঁশিয়ারি দেন– রাত ২টার মধ্যে হল প্রশাসন কোনও সিদ্ধান্ত না নিলে রোকেয়া হলের সাধারণ শিক্ষার্থীরা পুনরায় তালা ভেঙে রাস্তায় নামবে। যার পরিপ্রেক্ষিতে তারা হলের গেটের তালা ভেঙে বের হয়ে এসে বিক্ষোভ মিছিল করেন।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এই ঘোষণা দেন। উপাচার্য বলেন, ২০২৪ সালের ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটিই বহাল থাকবে এবং প্রত্যেক হল প্রশাসন এই নীতিমালার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এছাড়া ছাত্রদলের সদ্য ঘোষিত হল কমিটি নিয়েও সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনার আশ্বাস দেন তিনি।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা উপাচার্যের এই বক্তব্য প্রত্যাখ্যান করে হল পলিটিক্সের সম্পূর্ণ অবসান দাবি করেন। তারা ছয় দফা দাবি উত্থাপন করেন: কেন কমিটি দেওয়া হলো উপাচার্যকে জবাব দিতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রদল, শিবির, বাগছাস, বামসহ হলে এক্সিসটিং গুপ্ত কমিটি বিলুপ্ত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল একাডেমিক এরিয়ায় রাজনীতির সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করে ছাত্ররাজনীতির পূর্ণাঙ্গ রূপরেখা দিতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে সব হল কমিটি বিলুপ্ত করতে হবে। হল প্রভোস্টদের ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে। দ্রুত ডাকসু বাস্তবায়ন করতে হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)



Post Comment