জিতুর সঙ্গে সম্পর্কে আপত্তি? পরিবারের থেকে কী পরামর্শ পেলেন সৃজলা?

কলকাতা: বিগ বস বাংলার (Big Boss Bangla) ঘরে নতুন সমীকরণ। জিতু কমল (Jeetu Kamal) আর সৃজলা গুহর (Srijla Guha) মধ্যে সম্পর্কের সমীকরণ আপাতত নজর কাড়ছে দর্শকদের। জিতু অবশ্য ইতিমধ্যেই সৃজলাকে খোলাখুলি মনের কথা বলেছেন। জানিয়েছেন, তিনি সৃজলাকে ভালবাসেন। এমনকি সৃজলাকে ‘আই লাভ ইউ’ লেখা চিঠিও দিতে দেখা গিয়েছে জিতুকে। তবে সৃজলা? তিনি অবশ্য জিতুকে সরাসরি ভালবাসার কথা জানাননি। তবে ‘দাদার দরবার’-সহ একাধিক জায়গায় সৃজলা বার বার বলেছেন যে, এই ঘরে তাঁর ভাল থাকা নিয়ে জিতুর অবদান যথেষ্ট। তবে বিগ বসের ঘরে লিমা আসায় কী বদলে যাবে জিতু আর সৃজলার সমীকরণ?

জিতুকে নমিনেশন থেকে বাঁচাতে, চুল কেটে ফেললেন সৃজলা

এর আগে নমিনেশনের টাস্কে বিগ বসের তরফ থেকে বলা হয়েছিল, সৃজলাকে তাঁর চুল কাঁধ পর্যন্ত কেটে ফেলতে হবে। তবেই জিতু নমিনেশন থেকে বাঁচবেন। জিতু অবশ্য বিগ বসকে বলেন, তিনি এই কাজটা সৃজলাকে বলতেই চান না। কারণ তিনি মনে করেন প্রথমত সৃজলা চুল কাটবেন না। দ্বিতীয়ত, সৃজলাকে ছোট চুলে ভাল লাগবে না। তবে বিগ বস জানান, জিতুকে বলেই হবে সৃজলাকে। এরপরে জিতু সৃজলাকে প্রশ্ন করেন যে, তিনি কী জিতুকে নমিনেশন থেকে বাঁচানোর জন্য চুল কেটে ফেলবেন? এক কথায় রাজি হয়ে যান সৃজলা। এরপরে স্টোর রুম থেকে কাঁচি নিয়ে এসে চুল কেটে ফেলেন তিনি। এরপরে অবশ্য সৃজলাকে বিগ বস সহ প্রত্যেকেই বলেন যে, তাঁকে ছোট চুলে সুন্দর লাগছে। 

জিতু আর সৃজলার সম্পর্ক নিয়ে কী বললেন বোন লিমা?

তবে বিগ বসের ঘরে মঙ্গলবারে পরিবারের মানুষেরা এই ঘরে আসবার দিন। প্রথমেই আসেন সৃজলার বোন লিমা। বোনকে দেখে ভেঙে পড়েন সৃজলা, কান্না আবেগে আপ্লুত। ঘুরে ঘুরে বিগ বসের বাড়ি দেখান। লিমা জিতুকে একাধিকবার ধন্যবাদ জানান সৃজলার খেয়াল রাখার জন্য, সৃজলার পাশে দাঁড়ানোর জন্য। তবে সৃজলার সঙ্গে একা কথা বলতে গিয়ে আবার লিমার গলায় অন্য সুর। লিমা সৃজলাকে সাফ জানিয়ে দেন, দর্শক তাঁকে একা দেখতেই পছন্দ করছেন। জিতু ভাল মানুষ, তাঁর সঙ্গে বন্ধুত্ব রাখা যেতে পারে, বাকি সবকিছু নিয়ে পরে ভাবা যাবে। কিন্তু এই খেলাটা একার। সৃজলা যখন বলেন, জিতু তাঁর আর লিমার সঙ্গে ঘুরতে যেতে চান, লিমা বলেন, সেটা সম্ভব নয়। পাশাপাশি লিমা এটাও জানিয়ে দেন যে, এটা একটা খেলা। কোনও বিশেষ মানুষের সঙ্গে আবেগে না জড়িয়ে পড়তে। বাইরে তাঁর খুব সুন্দর একটা জীবন রয়েছে। তবে লিমা আসার পরে কি বদলে যাবে জিতু আর সৃজলার সমীকরণ? সেই উত্তর দেবে সময়।

 

আরও পড়ুন: Train Accident: ভাইফোঁটার সকালে বড় রেল দুর্ঘটনা, বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস!

 

Post Comment

You May Have Missed