Weather Alert For Farmer: হাজার-হাজার চাষিদের মুখে ফুটবে হাসি, আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে যুগান্তকারী কাজ

Last Updated:

Weather Alert For Farmer: সুন্দরবনের কৃষকদের পাশে স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র, উপকৃত হবেন হাজার হাজার চাষি

+

News18

বসিরহাট: সুন্দরবনের কৃষকদের পাশে স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র, উপকৃত হবেন হাজার হাজার চাষি। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হয় সুন্দরবনের কৃষকদের। কখনও ঘূর্ণিঝড়, কখনও অতিবৃষ্টি, আবার কখনও অনাবৃষ্টির কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয় চাষিদের। এবার আবহাওয়ার আগাম তথ্য পেতে নতুন উদ্যোগ শুরু হল উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতে। স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় এবং DRCSC পরিচালিত উদ্যোগে চালু হল একটি স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র।

সুন্দরবন এলাকায় স্যান্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েত এলাকায় এই কেন্দ্র চালু হল। এই স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে স্থানীয় এলাকার আবহাওয়ার বিভিন্ন তথ্য নিয়মিত জানা যাবে। ঝড়, বৃষ্টি কিংবা আবহাওয়ার পরিবর্তন সম্পর্কে তাৎক্ষণিক তথ্য পাওয়ার পাশাপাশি কৃষিকাজের উপযোগী আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কেও ধারণা পাবেন কৃষকরা। ফলে আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে চাষের পরিকল্পনা ও ফসলের পরিচর্যা করতে সুবিধা হবে তাঁদের।

সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার কৃষকরা দীর্ঘদিন ধরেই প্রকৃতির খামখেয়ালিপনার সঙ্গে লড়াই করছেন। আয়লা, বুলবুল কিংবা আম্ফানের মতো ভয়াবহ ঘূর্ণিঝড়ের স্মৃতি আজও তাঁদের মনে তাজা। প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি কীভাবে কমানো যায়, সেই ভাবনা থেকেই এই আবহাওয়া কেন্দ্রের উদ্যোগকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা। তাঁদের আশা, আবহাওয়া সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য হাতে থাকলে অনেকটাই আগাম সতর্কতা অবলম্বন করতে পারবেন চাষিরা।

এই স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র শুধু আবহাওয়ার খবর পৌঁছে দেওয়ার মাধ্যম নয়, বরং জলবায়ু পরিবর্তনের সঙ্গে মোকাবিলা করে কৃষিকাজকে আরও সহনশীল করে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আবহাওয়া-ভিত্তিক তথ্য কাজে লাগিয়ে কৃষকদের চাষের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এই ব্যবস্থা। সুন্দরবনের কৃষিনির্ভর মানুষের কাছে এই উদ্যোগ নতুন আশার আলো দেখাচ্ছে। বিশেষ করে আয়লা, বুলবুল ও আম্ফানের মতো বিপর্যয়ের অভিজ্ঞতা যাঁদের জীবনের অংশ, তাঁদের কাছে আবহাওয়ার আগাম তথ্য পাওয়ার সুযোগ নিঃসন্দেহে স্বস্তির। হাজার হাজার কৃষক এই ব্যবস্থার মাধ্যমে উপকৃত হবেন বলে আশাবাদী উদ্যোক্তা ও স্থানীয় বাসিন্দারা।

Julfikar Molla

Post Comment

You May Have Missed