Weekend Trip: তারাপীঠ থেকে মাত্র ১৪ কিমি! মা তারার ভৈরব দেখতে উইকেন্ডে ঘুরে আসুন এই ‘শিবগঞ্জ’, রইল ট্যুর গাইড

Last Updated:

Weekend Trip: তারাপীঠ থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে মল্লারপুরের ‘শিবগঞ্জ’! মা তারার ভৈরব মল্লেশ্বর শিব মন্দির ও গুপ্ত শিবলিঙ্গ দর্শনের সম্পূর্ণ ট্যুর গাইড জানুন।

+

তারাপীঠের কাছে মল্লেশ্বর ধাম

বীরভূম, সৌভিক রায়: বীরভূম জেলা পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান কালীক্ষেত্র ও ঐতিহাসিক পুণ্যভূমি হিসেবে পরিচিত। এখানকার আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে অজস্র প্রাচীন মন্দির, যা একদিনে ঘুরে শেষ করা অসম্ভব। তবে শুধু শাক্ত সাধনাই নয়, শৈব সংস্কৃতির এক অনন্য ও প্রাচীন কেন্দ্র হিসেবে বীরভূমের মল্লারপুর এক বিশেষ স্থান অধিকার করে রয়েছে। ঐতিহ্যবাহী এই গ্রামে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব মল্লেশ্বর। তাঁকে কেন্দ্র করেই গড়ে উঠেছে আরও ২৫টি ছোট-বড় শিব মন্দির, যা স্থানীয়ভাবে ‘শিবগঞ্জ’ নামে পরিচিত। আনুমানিক দ্বাদশ-ত্রয়োদশ শতকে এই মন্দিরগুলি নির্মিত হয়েছিল বলে ইতিহাসবিদদের ধারণা। উঁচু প্রাচীর ঘেরা এক বিরাট চত্বরের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে মূল মল্লেশ্বর শিবমন্দিরটি।

অন্যান্য মন্দিরগুলি তুলনামূলকভাবে ছোট এবং বাংলার ঐতিহ্যবাহী চারচালা রীতিতে নির্মিত। এই মন্দির চত্বরের প্রধান তোরণটি দ্বিতল বিশিষ্ট এবং এর  উপরের অংশে রয়েছে একটি সুদৃশ্য নহবতখানা। মল্লারপুরের এই মন্দিরগুলিতে রয়েছে নানা ঐতিহাসিক ও আধ্যাত্মিক বিস্ময়। এখানকার সিদ্ধেশ্বর শিবমন্দিরে বিরাজ করছেন এক গুপ্ত অনাদি অখণ্ড শিবলিঙ্গ। এই শিবলিঙ্গের অর্ধাংশের বেশি অংশই মাটির নিচে প্রোথিত থাকায় একে ‘গুপ্ত শিবলিঙ্গ’ বলা হয়।

আরও পড়ুন: আলপিন থেকে ফ্রিজ-ল্যাপটপ, অর্ধেক দামে সব কিছু! কবে শুরু হচ্ছে পিএম মোদির প্রশংসিত বাংলার ভাঙা মেলা?

জনশ্রুতি রয়েছে, এই শিবলিঙ্গ কোথাও থেকে এনে প্রতিষ্ঠিত করা হয়নি, বরং মাটি খুঁড়েই এর সন্ধান পাওয়া গিয়েছিল। ইতিহাস ঘেঁটে জানা যায়, আনুমানিক প্রায় ৯৩০ বছর আগে (১২০২ খ্রিস্টাব্দে) বীরভূমের এই অঞ্চলের রাজা ছিলেন মল্লেশ্বর। তাঁর নামানুসারেই এই জনপদের নাম হয় মল্লারপুর। মন্দিরের গায়ে খোদিত ইতিহাস অনুযায়ী, ১১২৪ শকাব্দে ৭৭২ বিঘে জমি দান করে রাজা মল্লেশ্বর এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং এখানে শিব পুজো প্রচলন করেন। লোকবিশ্বাস অনুযায়ী, এই মল্লেশ্বর শিবই হলেন তারাপীঠের দেবী তারার ভৈরব। মূল মল্লেশ্বর শিবমন্দিরের ঠিক পাশেই রয়েছে দেবী মল্লেশ্বরী বা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। তারাপীঠ থেকেও এর দূরত্ব মাত্র ১৪ কিমি।

আরও পড়ুন: ভাবা যায়! ১০ টাকায় এগরোল-চাওমিন, কীভাবে জলের দরে মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন মালদার গৃহবধূ?

এছাড়া, এই মন্দির চত্বরের ঠিক পিছনেই রয়েছে তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশের জীবন্ত সমাধি বেদী, যা এই স্থানটির আধ্যাত্মিক মাহাত্ম্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। মল্লারপুরের নামকরণ নিয়ে রয়েছে নানা মত। কারও মতে প্রাচীন মল্লভূমি বা বাঁকুড়ার রাজাদের অধীনে ছিল এই জনপদ, আবার অনেকের মতে এটি অন্য কোনও প্রাচীন রাজার রাজধানী ছিল। একসময় এই অঞ্চলে বিভিন্ন জনজাতির মানুষের বসবাস ছিল, যা এই জায়গার প্রাচীন ইতিহাসকে আরও সমৃদ্ধ করেছে। প্রাচীন বাংলার স্থাপত্যকলা, লোকসংস্কৃতি এবং ইতিহাসের এক অপূর্ব মিশ্রণ দেখতে পাওয়া যায় এই মল্লারপুর মন্দির চত্বরে। ইতিহাস ও প্রত্নতত্ত্ব প্রেমীদের জন্য মল্লারপুর একটি আদর্শ ডেস্টিনেশন। কলকাতা, হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে যে কোনও রামপুরহাট বা সাহেবগঞ্জগামী ট্রেন ধরে সরাসরি পৌঁছে যাওয়া যায় মল্লারপুর রেলওয়ে স্টেশনে। স্টেশন থেকে বাইরে বেরোতেই প্রচুর টোটো এবং স্থানীয় যানবাহন পেয়ে যাবেন। টোটো চালকদের ‘মল্লেশ্বর শিব মন্দির’ বললেই তারা আপনাকে সরাসরি এই ঐতিহাসিক মন্দির চত্বরে পৌঁছে দেবে এবং পুরো চত্বরটি ঘুরিয়ে দেখাবে। ব্যস্ত শহরের কোলাহল থেকে দূরে, ছুটির দিনে প্রাচীন বাংলার ইতিহাস ও স্থাপত্যের টানে ঘুরে আসতে পারেন বীরভূমের এই প্রাচীন শৈবতীর্থ থেকে।

Previous post

SFI Book Stall Vandalism: বাঁকুড়ায় এসএফআইয়ের বুকস্টলে হামলা, বাধা দিতে গিয়ে আক্রান্ত প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রম

Next post

Multibagger Share: আপনার ১ লাখ টাকা কি ১০ বছরে ১০ লাখ টাকা হতে পারে ? মাল্টিব্যাগার শেয়ার চেনার ৬টি নিয়ম কী ?

Post Comment

You May Have Missed