Abhishek Banerjee: অভিষেকের বার্থডে-সেলিব্রেশনকে কেন্দ্র করে ধুন্ধুমার, কালীঘাট কাণ্ডে ২ জনকে গ্রেফতার করল পুলিশ, FIR তৃণমূল সাংসদের বিরুদ্ধেও

Last Updated:

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে কালীঘাটে উত্তেজনার ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশকে চড় মারার অভিযোগে একবালপুরের দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

অভিষেকের জন্মদিন কাণ্ডে ২ জনকে গ্রেফতার করল পুলিশ
অভিষেকের জন্মদিন কাণ্ডে ২ জনকে গ্রেফতার করল পুলিশ

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকেই উত্তপ্ত হয়ে ওঠে কালীঘাট চত্বর৷ শনিবারও বিক্ষোভ-পাল্টা বিভোক্ষের জের৷ রবিবার, এই তৃণমূল সাংসদের জন্মদিনের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ৷ পুলিশকে চড় মারার ঘটনায় একবালপুরের ২ যুবককে গ্রেফতার করা হয়েছে বলেই সূত্রের খবর।

জানা গিয়েছে, গোটা ঘটনায় ৪ টে FIR করল কালীঘাট থানার পুলিশ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় বিজেপি কর্মীদের বিরুদ্ধেও FIR করা হয়েছে। বিজেপি কর্মীদের অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্যদের বিরুদ্ধেও FIR।

জানা গিয়েছে, পুলিশের উপর হামলার ঘটনায় ২ টি স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছে। যার মধ্যে একটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে৷ পাশাপাশি ঘটনার সময় সংলগ্ন রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।

কী ঘটেছিল শুক্রবার রাতে?

ঘটনার শুরু শুক্রবার রাত দেড়টা নাগাদ৷ অভিষেকের কালীঘাট রোডের বাড়ির সামনে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেন তাঁর অনুগামীরা। অভিযোগ, অনুগামীরা যখন বাড়ির সামনে বসেছিলেন, তখন বিজেপির কিছু কর্মী পটুয়া পাড়ায় কালী প্রতিমা নিতে এসেছিলেন। সেই সময় ‘চোর চোর’ এবং ‘জয়বাংলা স্লোগান’ ঘিরে উত্তেজনার শুরু। তারপরে পাল্টা স্লোগান দু’পক্ষের বাগবিতন্ডা হাতাহাতি এবং তারপর ইট বৃষ্টি। ভোর রাত পর্যন্ত দফায় দফায় দুপক্ষ একে অপরের দিকে স্লোগান এবং তেড়ে যাওয়ার ঘটনা শুরু করে। দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ ভোরের দিকে দু’পক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিয়ন্ত্রণে আনার সময় পুলিশের উপরেও চড়াও হয় তৃণমূল কর্মী সমর্থকেরা। কয়েকজনকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালেও বিক্ষোভ

শুক্রবার রাতের ঘটনার আঁচ অব্যাহত ছিল শনিবার সকালেও৷ শনিবারেও স্থানীয়দের একাংশ তৃণমূল সাংসদের বাড়ির সামনেই বিক্ষোভ দেখাতে থাকেন৷ বিক্ষোভকারীদের অভিযোগ, ওই অঞ্চলে অভিষেকের জন্মদিনের অনুষ্ঠানকে ঘিরে ব্যরিকেড করে রাখা হয়েছে, যে কারণে কালীপুজোর প্রতিমা নিয়ে যেতে তৈরি হয়েছে সমস্যা৷

প্রতিবাদে সরব মমতা

সেই ঘটনার প্রতিবাদে সরব হন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী৷ পুলিশকর্মীদের সতর্ক করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘হঠাৎ করে যেসব পুলিশ বিজেপি হয়েছে তাদেরকে জিজ্ঞেস করছি কত প্রমোশন হবে? আর কত প্রমোশন হবে ভাই? এবার হবে ডিমোশন। এই ব্লান্ডার করবেন না। আমাদের যদি অ্যারেস্ট করবেন মনে করেন, তাহলে জেলখানা বা থানাই হবে আমাদের পার্টি অফিস।’

Previous post

বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা ভাইফোঁটায়, নামবে তাপমাত্রাও, আজ কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া ?

Next post

‘আমি ভুলে গিয়েছিলাম, ও একজন..’, কলকাতায় এসেই বললেন নন্দিনী! বিগ বসের বাড়ি থেকে রাজবীর বলছেন..

Post Comment

You May Have Missed