চর্চা হলেও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার অধিনায়ক অভিমন্যুই, প্রথম ম্যাচে খেলবেন শাহবাজ
সন্দীপ সরকার, কলকাতা: ঘরোয়া ক্রিকেটের টি-২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে গত মরশুমে গ্রুপ থেকেই বিদায় নিয়েছিল বাংলা। ৪ ম্য়াচ জিতলেও, তিনটি ম্যাচে হেরে গিয়েছিল। আসন্ন সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের জন্য বাংলা অবশ্য গতবারের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের ওপরই ভরসা রাখল। ১৯ সদস্যের দল বেছে নেওয়া হল বৃহস্পতিবার। শুক্রবার থেকেই সল্ট লেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রস্তুতিতে নেমে পড়ছে বাংলা দল।
বৃহস্পতিবার ইডেনে মহারাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচ শেষ হওয়ার পরই ছিল দল নির্বাচনী বৈঠক। সেখানে অবশ্য অভিমন্যুকে অধিনায়ক রাখা হবে কি না, তা নিয়ে চর্চা হয়। বিশ্বস্ত সূত্রের খবর, নির্বাচকদের কেউ কেউ চেয়েছিলেন মহম্মদ শামি বা মুকেশ কুমারের মতো কাউকে অধিনায়ক করতে। বৈঠকে বলা হয়, মুকেশ কুমার অধিনায়ক হিসাবে বেঙ্গল টি-২০ লিগ জিতেছেন। শামিরও অগাধ অভিজ্ঞতা। পাশাপাশি কেউ কেউ অভিষেক পোড়েলের মতো তরুণ কাউকে দায়িত্ব দেওয়ার প্রস্তাবও দেন।
যদিও শেষ পর্যন্ত অভিমন্যুকেই অধিনায়ক রাখা হয়। দলে রাখা হয়েছে শাহবাদ আমেদকেও। শাহবাজ রাইজিং স্টার্স এশিয়া কাপের ভারত এ দলে রয়েছেন। তবে প্রথম ম্যাচে তাঁকে পাওয়া যাবে। শামি খেলবেন। মুকেশ কুমারও নিউজ়িল্যান্ড থেকে ফিরে দলে যোগ দেবেন বলে খবর। ক্লাব ও স্থানীয় ক্রিকেটে ভাল খেলার পুরস্কার হিসাবে অফস্পিনার সৌরভ হালদারকে রাখা হয়েছে দলে। রয়েছেন লেগস্পিনার প্রয়াস রায় বর্মন।
বৃহস্পতিবার বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল বললেন, ‘শুক্রবার থেকেই প্রস্তুতি শুরু করে দিচ্ছি। তিনদিন সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে প্র্যাক্টিস করাব। তারপর দুদিন ইডেনে প্র্যাক্টিস করিয়ে ১১ নভেম্বর মুম্বইয়ে রওনা হব।’ লক্ষ্মী আরও বললেন, ‘দাদিকে (সৌরভ গঙ্গোপাধ্যায়) বলেছি, প্র্যাক্টিসের সময় মাঠে এসে ছেলেদের উৎসাহ দিতে। দাদি আসবে বলে সম্মত হয়েছে।’
সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের জন্য নির্বাচিত ১৯ সদস্যের বাংলা দল
অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), সুদীপ কুমার ঘরামি, যুবরাজ দীপক কেশওয়ানি, আদিত্য পুরোহিত, অভিষেক পোড়েল (উইকেটকিপার), শাকির হাবিব গাঁধী (উইকেটকিপার), করণ লাল, প্রদীপ্ত প্রামাণিক, সৌরভ হালদার, প্রয়াস রায় বর্মন, মহম্মদ শামি, মুকেশ কুমার, শাহবাজ আমেদ, কণিষ্ক শেঠ, সায়ন ঘোষ, সৈয়দ ইরফান আফতাব, অখিলেশ যাদব, ঋষভ চৌধুরী ও শশাঙ্ক সিংহ।
আরও পড়ুন: আড়াই বছর পর ইডেনে লজ্জায় ডুবল বাংলার ক্রিকেট, বোনাস পয়েন্ট সহ জিতে গ্রুপ শীর্ষে পৃথ্বীরা
Post Comment