নিজের ইচ্ছায় চাকরি ছাড়লেই মিলবে ২ মাসের বেতনের থেকেও বেশি টাকা, মিলতে পারে পেশাগত প্রশিক্ষণও

কলকাতা: বিশ্বের বড় প্রযুক্তি সংস্থাগুলিতে কর্মী পুনর্গঠনের প্রক্রিয়া ক্রমশ জোরদার হচ্ছে। এবার কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিল মার্ক জুকারবার্গের সংস্থা মেটা। মাইক্রোসফট ও গুগলের পর এবার মেটাও কর্মীদের জন্য Voluntary Exit Option (VEO) চালু করেছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। ফ্রান্সে সংস্থার কর্মীদের এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফরাসি প্রকাশনা ‘লা লেত্র’।                     

আরও পড়ুন: আদালতে না তুলতে পারলে ২৪ ঘণ্টার মধ্যেই আটক ব্যক্তিকে ছেড়ে দিতে হবে, কাগজপত্র তৈরিতে সময় লাগালে হবে না, সুপ্রিম নির্দেশিকা

রিপোর্ট অনুযায়ী, ফ্রান্সে মেটার কর্মী সংখ্যা প্রায় ৩০০। এই প্রস্তাবের আওতায় প্রায় ১০০ জন কর্মী আসতে পারেন। তবে কোন কোন বিভাগের কর্মীরা এর আওতায় পড়বেন, তা এখনও স্পষ্ট নয়। কর্মীদের ৫ নভেম্বরের মধ্যে আবেদন জমা দিতে হবে। মাইক্রোসফট বা গুগলের মতো ব্যক্তিগতভাবে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার সুযোগের পরিবর্তে মেটার ক্ষেত্রে এই প্রক্রিয়া ফ্রান্সের শ্রম আইন অনুযায়ী যৌথ চুক্তিভিত্তিক কর্মী ছাঁটাইয়ের ব্যবস্থা (RCC) মেনে হওয়ার কথা। এর মাধ্যমে সংস্থা ট্রেড ইউনিয়নের সঙ্গে আলোচনা করে স্বেচ্ছায় কর্মীসংখ্যা কমাতে পারে।                     

প্রস্তাবিত প্যাকেজ অনুযায়ী, কর্মীরা প্রতি বছরের চাকরির জন্য ২.১৫ মাসের বেতনের সমপরিমাণ অর্থ পেতে পারেন। পাশাপাশি ১০ মাসের জন্য মোবিলিটি লিভ দেওয়া হতে পারে, যেখানে মোট বেতনের ৮০ শতাংশ দেওয়া হবে। পেশাগত প্রশিক্ষণ কিংবা নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রেও সহায়তার কথা বিবেচনা করছে মেটা। প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালেও ফ্রান্সে একই ধরনের চুক্তির মাধ্যমে ৮৮ জন কর্মীর সংস্থা ছাড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল।                     

বিশ্বজুড়ে প্রায় ৬৬ হাজার কর্মী রয়েছে মেটার। চলতি বছরের এপ্রিলে সংস্থা প্রায় ৮ হাজার পদ বা মোট কর্মীর ১০ শতাংশ কমানোর পরিকল্পনা ঘোষণা করেছিল। মে মাসে ৭ হাজার কর্মীকে AI-সংক্রান্ত কাজে পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেয় সংস্থা। ২০২৬ সালে ডিজিটাল পরিকাঠামো ও ডেটা সেন্টারে মেটার মূলধনী ব্যয়ের লক্ষ্যমাত্রা ১৩৫ থেকে ১৪৫ বিলিয়ন ডলার।                     

Post Comment

You May Have Missed