‘অ্যাকশন নিন, ২৪ ঘণ্টায় পেন্সিলের মতো সোজা হয়ে যাবে’, শমীককে পরামর্শ অর্জুনের! নিশানায় কে?

Last Updated:

বিজেপির অন্দরে তোলাবাজি ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ নিয়ে এ বার সরব হলেন অর্জুন সিং। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে কড়া পদক্ষেপের পরামর্শ দিয়ে তাঁর মন্তব্য, ‘অ্যাকশন নিন, ২৪ ঘণ্টার মধ্যে পেন্সিলের মতো সোজা হয়ে যাবে।’ তবে কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন অর্জুন, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

বিজেপির অন্দরে কড়া পদক্ষেপের দাবি অর্জুনের
বিজেপির অন্দরে কড়া পদক্ষেপের দাবি অর্জুনের

কলকাতাঃ দলের অন্দরে তোলাবাজি এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগ নিয়ে এবার সরাসরি কড়া পদক্ষেপের দাবি তুললেন বিজেপি নেতা অর্জুন সিং। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে তাঁর পরামর্শ, অভিযোগ উঠলে শুধু মন্তব্য করে থেমে থাকলে চলবে না, ব্যবস্থা নিতে হবে। অর্জুনের কথায়, ‘‘অ্যাকশন নিন। ২৪ ঘণ্টার মধ্যে পেন্সিলের মতো সোজা হয়ে যাবে।’’

সম্প্রতি বিজেপির অন্দরে তোলাবাজি-সহ একাধিক বিষয়ে অভিযোগ উঠেছে। সেই প্রসঙ্গেই শমীককে কড়া পদক্ষেপ করার পরামর্শ দেন অর্জুন। তিনি বলেন, ‘‘সভাপতিকে বলার আমি কেউ না। তবু পরামর্শ দেব, অ্যাকশন নিন। ব্যবস্থা নিতে হবে এবার।’’ তবে ঠিক কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, তা স্পষ্ট করেননি অর্জুন। ফলে তাঁর নিশানায় দলের কোন নেতা বা নেতারা, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

অর্জুনের এই মন্তব্যের আগে থেকেই বিজেপির অন্দরে তাঁকে ঘিরে বিতর্ক চলছিল। তৃণমূলের কয়েক জন নেতার সঙ্গে অর্জুনের এক মঞ্চে থাকা নিয়ে প্রকাশ্যে আপত্তি জানিয়েছিলেন বিজেপি নেতা কৌস্তভ বাগচী। সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে কৌস্তভ বলেন, ‘‘যেখানে মণীশ শুক্লার বাবা হত্যা মামলায় তৃণমূল নেতা উত্তম দাস, প্রশান্ত চৌধুরীর নাম লিখছেন, তাঁরা যদি আমাদের নেতাদের এক মঞ্চে থাকেন, দেখতে ভাল লাগে? আমাদের মুখ পোড়ে। জনগণের কাছে আমরা ছোট হই।’’

আরও পড়ুনঃ  পরিবর্তনের বাংলায় নতুন শিল্পনীতি! বিনিয়োগের ১০টি গুরুত্বপূর্ণ দিক একনজরে

কৌস্তভের দাবি, ব্যারাকপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান উত্তম দাস এবং টিটাগর পুরসভার প্রাক্তন পুরপ্রধান প্রশান্ত চৌধুরী বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করছেন। সেই কারণেই তাঁরা বিজেপির কয়েক জন নেতার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি। এই প্রসঙ্গেই অর্জুন সিংয়ের নাম উল্লেখ করেছিলেন কৌস্তভ।

যদিও সে সময় কৌস্তভের অভিযোগ নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি অর্জুন। তবে তাঁর ঘনিষ্ঠ শিবিরের লোকজন কৌস্তভের বক্তব্যের বিরোধিতা করে অর্জুনের পাশেই দাঁড়িয়েছিলেন। এ বার ফের কৌস্তভকে ঘিরে তোলাবাজির অভিযোগ সামনে এসেছে। যদিও অর্জুন নিজের মন্তব্যে কৌস্তভের নাম করেননি, কিংবা দলের ওই সতীর্থকে নিয়ে সরাসরি কোনও বক্তব্যও রাখেননি।

Post Comment

You May Have Missed