কালিম্পংয়ে পানীয় জলের সমস্যা মেটাতে দার্জিলিংয়ের বড় আশ্বাস সাংসদ রাজু বিস্তার, বেতন থেকেই দেবেন ১৫ দিনের জলের খরচ
Last Updated:
Kalimpong: কালিম্পংয়ে পানীয় জলের সঙ্কট মেটাতে উদ্যোগ, ১৫ দিন ট্যাঙ্কারে জল সরবরাহের আশ্বাস দিলেন সাংসদ রাজু বিস্তা। আগামী ১৫ দিন ট্যাঙ্কারে জল সরবরাহের যাবতীয় খরচ নিজের বেতন থেকে দেওয়ার ঘোষণা দার্জিলিংয়ের সাংসদের। আগামী ১০০ বছরে যাতে কালিম্পংয়ে পানীয় জলের সঙ্কট না হয়, সেই লক্ষ্যে পরিকাঠামো উন্নয়নেরও আশ্বাস দেন সাংসদ।
কালিম্পং: পানীয় জলের সঙ্কট মেটাতে এবার উদ্যোগী হলেন দার্জিলিংয়ের সাংসদ তথা বিজেপির জাতীয় মুখপাত্র রাজু বিস্তা। বুধবার কালিম্পং পুরসভার জলসঙ্কট নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন কালিম্পংয়ের বিধায়ক ভারত ছেত্রী, জেলাশাসক, পুরসভার প্রশাসক-সহ জেলা ও পুরসভার আধিকারিকরা।
বৈঠকের পর রাজু বিস্তা জানান, জলাধারের পলি অপসারণ, মেরামতি ও সংস্কারের প্রয়োজন থেকেই কালিম্পং পুরসভা এলাকায় পানীয় জলের সঙ্কট তৈরি হয়েছে। তবে বিকল্প জল সরবরাহের ব্যবস্থা না রেখেই সংশ্লিষ্ট দফতর কাজ শুরু করেছিল বলে অভিযোগ তাঁর।
সাংসদের আশ্বাস, আগামী ১৫ দিনের মধ্যে জলাধারের পলি অপসারণ, মেরামতি ও সংস্কারের কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। ততদিন প্রতিদিন ট্যাঙ্কারের মাধ্যমে কালিম্পং পুরসভা এলাকার বাসিন্দাদের পানীয় জল সরবরাহ করা হবে। আগামী ১৫ দিন ট্যাঙ্কারে জল সরবরাহের যাবতীয় খরচ নিজের বেতন থেকে বহন করবেন বলেও ঘোষণা করেছেন তিনি।
শুধু সাময়িক সমস্যার সমাধান নয়, আগামী ১০০ বছরে যাতে কালিম্পংয়ে পানীয় জলের সঙ্কট না হয়, সেই লক্ষ্যেও পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে বলে জানিয়েছেন রাজু বিস্তা। তাঁর দাবি, এমনভাবে পানীয় জল সরবরাহের পরিকাঠামো তৈরি করা হচ্ছে, যাতে আগামী দিনে আর জলসঙ্কটে পড়তে না হয় কালিম্পংয়ের মানুষকে।
জল সরবরাহ, নিকাশি ও অন্যান্য নাগরিক পরিষেবার সমস্যা পাহাড়ে নতুন নয় বলেও দাবি করেছেন সাংসদ। তাঁর অভিযোগ, পূর্বতন সিপিএম ও তৃণমূল সরকারের অদক্ষতার কারণেই এই সমস্যাগুলি তৈরি হয়েছে। তবে বিজেপি পাহাড়কে পরিচ্ছন্ন, সবুজ ও স্থায়ী উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে কাজ করছে বলে দাবি তাঁর। কালিম্পংয়ের বাসিন্দাদের সহযোগিতা ও ধৈর্যের জন্য কৃতজ্ঞতা জানিয়ে রাজু বিস্তার আশ্বাস, সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি বিজেপি নীরবে সেই সমস্যার সমাধানে কাজ করে চলেছে।

Post Comment