প্রয়োজন ১৩৯ রান, তাহলেই সচিনকে টেক্কা দিয়ে নিউজিল্যান্ডের মাটিতে সবার ওপরে উঠে আসবেন কোহলি

অকল্যান্ড: ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচেই নতুন রেকর্ড গড়ার হাতছানি বিরাট কোহলির সামনে। আগামী ৪ নভেম্বর অকল্যান্ডের ইডেন পার্কে প্রথম ওয়ান ডে ম্য়াচে ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হতে চলেছে। সেই ম্য়াচেই বিরাট কোহলি টেক্কা দিতে পারেন সচিন তেন্ডুলকরকে। নিউজিল্যান্ডের মাটিতে ওয়ান ডে ফর্ম্য়াটে ভারতীয়দের মধ্য়ে সর্বাধিক রানের মালিক সচিন। বিরাট কোহলি যদি আর ১৩৯ রান করেন, তাহলে মাস্টার ব্লাস্টারকে টেক্কা দিয়ে তালিকায় শীর্ষে উঠে আসবেন। এখন কোহলি তালিকায় তৃতীয় স্থানে আছেন।

বিরাট কোহলি কিউয়ি ভূমিতে ওয়ান ডে ফর্ম্যাটে মোট ১১ ম্যাচ খেলে করেছেন ৫১৪ রান। অন্য়দিকে সচিন তেন্ডুলকর ব্ল্যাক ক্যাপসদের দেশে ১৮টি ওয়ান ডে ম্য়াচে খেলতে নেমে মোট ৬৫২ রান করেছেন তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে। একটি সেঞ্চুরি ও চারটি অর্ধশতরানও ঝুলিতে পুরেছিলেন সচিন। সেরা ইনিংস ছিল অপরাজিত ১৬৩ রানের ইনিংসটি। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন সচিনের একসময়ের ওপেনিং পার্টনার ও ভারতের প্রাক্তন বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র সহবাগ। তিনি ১২ ম্য়াচে ঝুলিতে পুরেছেন ৫৯৮ রান। তার মধ্য়ে রয়েছে তিনটি সেঞ্চুরি ও দুটো অর্ধশতরান। বীরুর নিউজিল্য়ান্ডের মাটিতে ওয়ান ডে ফর্ম্য়াটে সর্বাধিক ব্যক্তিগত স্কোর অপরাজিত ১২৫। কোহলি তাঁর ১১ ওয়ান ডে ম্য়াচের কেরিয়ারে একটি শতরান ও চারটি অর্ধশতরান করেছেন। মোট ৫১৪ রান ঝুলিতে পুরেছেন কিং কোহলি। অর্থাৎ সহবাগের থেকে ৮৪ রান ও সচিনের থেকে ১৩৮ রান পিছিয়ে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। 

শুধু রানের বিচারে কিউয়ি ভূমিতে সচিনকে টেক্কা দেওয়ার হাতছানি নয়, ছক্কার বিচারেও সচিন ও সৌরভকে টেক্কা দিতে পারেন বিরাট আসন্ন সিরিজে। ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে ছক্কা হাঁকানোর তালিকায় সচিন ও সৌরভকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে কোহলির সামনে। ২০০৮ সালে ওয়ান ডে ক্রিকেটে অভিষেকের পর থেকে কোহলি নিজেকে এই ফরম্যাটের অন্যতম সেরা ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এখনও পর্যন্ত আন্তর্জাতিক ওয়ান ডে-তে ৩১৭ ম্যাচের ৩০৫ ইনিংসে ৫৮.৭৮ গড়ে ১৫১০৯ রান সংগ্রহ করেছেন। তাঁর ঝুলিতে রয়েছে ৫৫টি শতরান ও ৭৯টি অর্ধশতরান। এর পাশাপাশি তিনি হাঁকিয়েছেন ১৮১টি ছক্কা এই ফর্ম্য়াটে। সচিনের ঝুলিতে ১৯৫ ও সৌরভের ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক ওয়ান ডে ফর্ম্য়াটে ১৯০ ছক্কা। দু’জনকেই কিন্তু আসন্ন সিরিজে টেক্কা দিয়ে এগিয়ে যেতে পারেন কিং কোহলি।

Previous post

উঠে এল জিতু-রাজবীর প্রসঙ্গ, ‘বিগ বস বাংলা’য় হোস্ট হিসেবে কেমন অভিজ্ঞতা, কী বলছেন সৌরভ?

Next post

Smriti Irani on Mamata: ‘মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন..,’ কলকাতায় এসে কংগ্রেস-তৃণমূলকে এক ব্র্যাকেটে রেখে আক্রমণ, কী বললেন স্মৃতি ইরানি?

Post Comment

You May Have Missed