জনগণনার জেরে পিছতে পারে ২০২৭-এর মাধ্যমিক পরীক্ষা! ১৫ ফেব্রুয়ারির বদলে কবে শুরু হতে পারে পরীক্ষা? প্রস্তাব দিল মধ্যশিক্ষা পর্ষদ

আগের ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১৫ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ২৫ ফেব্রুয়ারি। কিন্তু জনগণনার কাজের কারণে সেই সূচিতে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। নতুন প্রস্তাব অনুযায়ী, ২ মার্চ থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ১৬ মার্চ পর্যন্ত।

ইতিমধ্যেই নতুন পরীক্ষাসূচির খসড়া রাজ্যের স্কুল শিক্ষা দফতরে পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এ প্রসঙ্গে পর্ষদের সভাপতি লালু দাস জানিয়েছেন, “আমরা প্রস্তাব আকারে পাঠিয়েছি, সিদ্ধান্ত দফতর নেবে।”

কী রয়েছে নতুন প্রস্তাবিত পরীক্ষাসূচিতে?

পর্ষদের পাঠানো প্রস্তাব অনুযায়ী, ২ মার্চ প্রথম ভাষার পরীক্ষা দিয়ে শুরু হবে ২০২৭ সালের মাধ্যমিক। ৩ মার্চ দ্বিতীয় ভাষা এবং ৫ মার্চ ইতিহাস পরীক্ষা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

এরপর ৮ মার্চ ভূগোল, ১২ মার্চ অঙ্ক, ১৩ মার্চ ভৌতবিজ্ঞান এবং ১৫ মার্চ জীবনবিজ্ঞান পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে। ১৬ মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষার মাধ্যমে শেষ হবে মাধ্যমিক।

প্রস্তাবিত সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত পরীক্ষা চলবে। প্রথম ১৫ মিনিট পরীক্ষার্থীদের প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ থাকবে।

মূলত জনগণনার কাজের সঙ্গে মাধ্যমিক পরীক্ষার সময়সূচির যাতে কোনও সমস্যা তৈরি না হয়, সেই কারণেই পরীক্ষার দিন পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে পর্ষদ।

তবে পরীক্ষার দিন পরিবর্তন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্যের স্কুল শিক্ষা দফতর। দফতরের অনুমোদন পাওয়ার পরেই নতুন পরীক্ষাসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারবে মধ্যশিক্ষা পর্ষদ।

ফলে ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ পর্যন্ত কবে থেকে শুরু হবে, তা জানতে আপাতত স্কুল শিক্ষা দফতরের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকরা।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

Post Comment

You May Have Missed