রাজ্যের ২৬ দফতরের ই-টেন্ডার ব্যবস্থায় বড় পরিবর্তন! ৩ নভেম্বর থেকে নতুন পোর্টাল বাধ্যতামূলক
Last Updated:
West Bengal Govt: ২৬টি দফতর এবং তাদের অধীনস্থ অফিসগুলিকে নতুন ই-টেন্ডার পোর্টালের মাধ্যমেই সমস্ত নতুন টেন্ডার ডাকতে হবে। আগামিকাল, মঙ্গলবার অর্থাৎ ৩ নভেম্বর থেকেই এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে।
কলকাতা: রাজ্যের সরকারি কাজের টেন্ডার ব্যবস্থায় বড় পরিবর্তন আনল রাজ্য সরকার। এবার থেকে রাজ্যের ২৬টি দফতর এবং তাদের অধীনস্থ অফিসগুলিকে নতুন ই-টেন্ডার পোর্টালের মাধ্যমেই সমস্ত নতুন টেন্ডার ডাকতে হবে। আগামিকাল, মঙ্গলবার অর্থাৎ ৩ নভেম্বর থেকেই এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে।
সোমবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের অর্থ দফতর। মূলত সরকারি প্রকল্পের কাজ দ্রুত এবং নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতেই এই উদ্যোগ বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রাজ্যের অর্থ দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি কাজের টেন্ডার প্রক্রিয়াকে আরও কার্যকর করতে নতুন ই-টেন্ডার পোর্টালের ব্যবহার বাড়ানো হচ্ছে।
এর আগে ২০২৫ সালের ডিসেম্বর মাসে নতুন পোর্টাল চালু করেছিল রাজ্য সরকার। পরবর্তী সময়ে পূর্ত দফতর-সহ কয়েকটি দফতরকে এই ব্যবস্থার আওতায় আনা হয়। এবার আরও ২৬টি দফতরকে নতুন পোর্টালের মাধ্যমে টেন্ডার ডাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এই তালিকায় রয়েছে কৃষি, কৃষি বিপণন, প্রাণিসম্পদ উন্নয়ন, স্কুলশিক্ষা, উচ্চশিক্ষা, খাদ্য ও সরবরাহ, শিল্প ও বাণিজ্য, শ্রম, পর্যটন, আবাসন, মৎস্য, বন, তথ্য ও সংস্কৃতি এবং নারী ও শিশুকল্যাণ দফতরের মতো গুরুত্বপূর্ণ দফতর।এছাড়াও অনগ্রসর শ্রেণিকল্যাণ, সমবায়, ক্রেতাসুরক্ষা, সংশোধনাগার প্রশাসন, দমকল ও জরুরি পরিষেবা, বিপর্যয় মোকাবিলা, তথ্যপ্রযুক্তি, বিচার বিভাগ এবং জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতরও এই নির্দেশিকার আওতায় রয়েছে।
অর্থ দফতর স্পষ্ট জানিয়েছে, শুধু সংশ্লিষ্ট দফতরগুলিই নয়, তাদের অধীনস্থ সমস্ত অফিসকেও নতুন পোর্টালের মাধ্যমেই নতুন ই-টেন্ডার প্রকাশ করতে হবে। পাশাপাশি পুরনো ই-টেন্ডার পোর্টাল থেকে নতুন পোর্টালে তথ্য স্থানান্তরের বিষয়টিও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। রাজ্য সরকারের লক্ষ্য, বিভিন্ন দফতরের টেন্ডার প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করা। এর ফলে সরকারি প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে মনে করছে প্রশাসন।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়

Post Comment