ফের ‘হরর’ ছবির মুখ্যভূমিকায় আর মাধবন, পরিচালনায় বিশাল
কলকাতা: নতুন ‘হরর’ জঁরের সিনেমায় অভিনেতা আর মাধবন (Actor R Madhavan), পরিচালনায় বিশাল ফুরিয়া (Vishal Furia)। দুই শিল্পীই ইতিমধ্যেই নিজ নিজ ক্ষেত্রে যথেষ্ট জনপ্রিয়। ‘রহেনা হ্যায় তেরে দিল মে’ বা ‘তনু ওয়েডস মনু’-র মতো রোমান্টিক ছবি থেকে শুরু করে ‘থ্রি ইডিয়টস’, ‘বিক্রম বেধা’, ‘রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট’-এর মতো ছবিতে অভিনয় করে বারে বারে নিজের জাত চিনিয়েছেন মাধবন। ‘ধুরন্ধর’-এ মাধবনের অভিনয়ও যথেষ্ট প্রশংসিত হয়েছে। ‘১৩বি’ (13B) ছবিটিতেও মাধবনের অভিনয় দর্শকদের মনে আলাদা করে দাগ কাটার মতো, এমনটাই মনে করেন অনুরাগীরা। ‘শয়তান’ ছবিতেও যথেষ্ট ভাল অভিনয় করেছেন মাধবন। আর এবার তাঁকে একেবারে নতুন ভূমিকায় দেখবেন দর্শক।
বিশালের পরিচালনায় ‘হরর’ ছবিতে মাধবন
অন্যদিকে, বিশাল ফুরিয়াও ‘হরর’ জঁরের সিনেমায় নিজস্ব জায়গা তৈরি করে নিয়েছেন। মারাঠি ছবি ‘লাপাচছপী’ দিয়ে বিশালের পরিচালনায় হাতেখড়ি। এরপরে ‘ছোড়ি’ (Chhorii) এবং ‘মা’ (Maa)-এর মতো ছবি পরিচালনা করেও তিনি দর্শকদের মনে দাগ কেটেছেন। তাঁর শেষ ছবিতেও মাধবনকে একটি চমকপ্রদ চরিত্রে দেখা গিয়েছিল। আর ফের একবার মাধবনকে নিয়ে একটি নতুন গল্প বুনছেন বিশাল। এই ছবির মুখ্যচরিত্রে মাধবনকে কাস্ট করা নিয়ে পরিচালক বিশাল বলছেন, ‘এই সিনেমাটার জন্য, এই চরিত্রটার জন্য আমার একেবারেই প্রথম থেকে পছন্দ ছিলেন, মাধবন স্যার। উনি রাজি হয়েছেন এবং ইতিমধ্যেই সিনেমাটার সঙ্গে একাত্মবোধ করছেন এটা দেখে দারুণ লাগছে আমার। ‘হরর’ ছবিতে ওঁর অভিনয় আমার ভীষ পছন্দ। আমার মনে হয়, এই ধরণের চরিত্র উনি দর্শকদের কাছে ভীষণ বিশ্বাসযোগ্য ভাবে তুলে ধরতে পারেন। আমার মতে, এই ছবিতে ওঁর থেকে সেরা পছন্দ আর কেউ হতে পারত না।’
কী বলছেন পরিচালক?
ফ্রস্টলিট প্রোডাকশন লিমিটেড (Frostlit Production Limited)-এর ব্যানারে ছবিটি প্রযোজনা করবেন রোহিত রঞ্জন। ছবিটি নিয়ে পরিচালক আরও বলেছেন, ‘লেখক, পরিচালক এবং প্রযোজক হিসেবে মাধবন স্যারের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। তাই এই ছবিতে ওঁর সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমাদের কাছে ভীষণ অত্যন্ত আনন্দের। আমরা দুজনে মিলে এমন কিছু তৈরি করতে চাই, যা ভারতীয় দর্শক ‘হরর’ জঁরের ছবিতে আগে দেখেননি।’
আরও পড়ুন: Shah Rukh Khan: অপেক্ষার অবসান, জন্মদিনে ‘বাদশাহি’ দর্শন… মন্নতে এলেন শাহরুখ খান!
Post Comment