মিউচুয়াল ফান্ডে নিয়মে বদল, ৫০০০ টাকার SIP-এ ২০ বছরে সাশ্রয় ৬ লক্ষ
কলকাতা: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসতে চলেছে SEBI বা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ১ নভেম্বর থেকে ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে Direct Plan-কে ডিফল্ট অপশন করা হচ্ছে। এর ফলে বিনিয়োগের খরচ এবং Direct ও Regular Plan-এর মধ্যে পার্থক্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুন: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন…, আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
ডিরেক্ট প্ল্যান ও রেগুলার প্ল্যান এই দুই ধরনের প্ল্যানেই একই মিউচুয়াল ফান্ড স্কিমে বিনিয়োগ করা হয় এবং ফান্ড ম্যানেজারও একই থাকেন। মূল পার্থক্য হয় খরচে। Direct Plan-এ কোনও ডিস্ট্রিবিউটরের মাধ্যমে বিনিয়োগ করতে হয় না। ফলে সাধারণত এর এক্সপেন্স রেশিও কম থাকে। অন্যদিকে, Regular Plan-এ ডিস্ট্রিবিউটরের কমিশন ফান্ডের খরচের মধ্যে যুক্ত হয়। এই অতিরিক্ত খরচ দীর্ঘমেয়াদে বিনিয়োগের রিটার্নে প্রভাব ফেলতে পারে।
ধরা যাক, কোনও বিনিয়োগকারী প্রতি মাসে ৫ হাজার টাকা করে ২০ বছর SIP করছেন। এই সময়ে তাঁর মোট বিনিয়োগের পরিমাণ হবে ১২ লক্ষ টাকা। Direct Plan-এ বার্ষিক ১২ শতাংশ এবং Regular Plan-এ ১১ শতাংশ রিটার্ন পাওয়া গেলে, ২০ বছর শেষে Direct Plan-এর বিনিয়োগের মূল্য হতে পারে প্রায় ৪৯ লক্ষ ৫০ হাজার টাকা। অন্যদিকে, Regular Plan-এ তা দাঁড়াতে পারে প্রায় ৪৩ লক্ষ ৫০ হাজার টাকা। অর্থাৎ, পার্থক্য প্রায় ৬ লক্ষ টাকা।
তবে এই হিসাব সম্পূর্ণ আনুমানিক। বাজারের ওঠানামা, প্রকৃত এক্সপেন্স রেশিও এবং বিনিয়োগের মেয়াদের উপর চূড়ান্ত রিটার্ন নির্ভর করবে। এক শতাংশ রিটার্নের পার্থক্য সব ফান্ডে প্রযোজ্য নয়। SEBI-র এই পরিবর্তনের অর্থ Regular Plan বন্ধ হয়ে যাওয়া নয়। বিনিয়োগকারীরা চাইলে এখনও Regular Plan বেছে নিতে পারবেন। প্ল্যান পরিবর্তনের আগে এক্সিট লোড এবং মূলধনী লাভের করের বিষয়টিও বিবেচনা করা জরুরি।
(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
Post Comment