East Bardhaman Accident: রাস্তার মাঝে হঠাৎ সাপ! তাকে বাঁচাতে কন্টেনারের চালকের ব্রেক, পিছনে সজোরে ধাক্কা বাসের… হাসপাতালে যাত্রীরা

Last Updated:

East Bardhaman Accident: পূর্ব বর্ধমানের ভাতাড়ের আলিনগরে বাদশাহী রোডে সাপকে বাঁচাতে কন্টেনারের ব্রেক কষতেই পিছনে ধাক্কা সরকারি বাসের। দুর্ঘটনায় আহত ১০ যাত্রী।

সাপকে বাঁচাতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা (AI Generated representative image)
সাপকে বাঁচাতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা (AI Generated representative image)

পূর্ব বর্ধমান; রাস্তায় উঠে এসেছিল একটি সাপ। তাকে বাঁচাতে আচমকা ব্রেক কষেছিলেন কন্টেনারের চালক। আর তাতেই ঘটে গেল বিপত্তি। পিছনে থাকা সরকারি বাসের চালক গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সজোরে ধাক্কা মারেন কন্টেনারে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। রবিবার সকালে পূর্ব বর্ধমানের ভাতাড়ের আলিনগরে বাদশাহী রোডে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (এসবিএসটিসি) ফলতা ডিপোর একটি বাস তারাপীঠ থেকে যাত্রী নিয়ে ধর্মতলার দিকে যাচ্ছিল। বাসটির ঠিক সামনে ছিল একটি কন্টেনার। বাদশাহী রোড ধরে বর্ধমানের দিকে যাওয়ার সময় রাস্তায় একটি সাপ উঠে আসতে দেখেন কন্টেনারের চালক। সাপটিকে বাঁচাতে আচমকাই ব্রেক কষেন তিনি। সেই সময় পিছনে থাকা সরকারি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারের পিছনে সজোরে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হন। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাতাড় থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারাই বাসের ভিতর থেকে আহতদের উদ্ধার করেন। পরে পুলিশ তাঁদের চিকিৎসার জন্য ভাতাড় স্টেট জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

আহত যাত্রীদের কথায়, আচমকাই বাসের মধ্যে তীব্র ঝাঁকুনি অনুভব করেন তাঁরা। এরপরই বুঝতে পারেন দুর্ঘটনা ঘটেছে। বাসের সামনের দিকে বসে থাকা যাত্রীরাই বেশি আঘাত পেয়েছেন। তাঁদের মাথা, বুক, হাত ও পায়ে চোট লেগেছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে ব্যস্ত বাদশাহী রোড। রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পরে ভাতাড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

Previous post

Jadavpur University: যাদবপুরে শ্লীলতাহানির অভিযোগে কড়া পদক্ষেপ, অভিযুক্তের ক্যাম্পাসে প্রবেশে নিষেধ! কী জানালেন উপাচার্য?

Next post

সেইফার্টের ঝোড়ো ৯৩, ফের অর্ধশতরান ফিলিপসের, শেষ ম্য়াচেও হার ভারতের

Post Comment

You May Have Missed