জ্ঞানেশকাণ্ডে আজ দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ, থাকবেন মমতা
বিজেন্দ্র সিংহ, অনির্বাণ বিশ্বাস ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: জ্ঞানেশ কুমার ইস্যুতে ফের সুর চড়াতে শুরু করেছে বিরোধী জোট INDI। মল্লিকার্জুন খাড়গের বাসভবনে পাবলিক ইমপিচমেন্টের পর, আজ রামলীলা ময়দানে রয়েছে বিরোধীদের ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ কর্মসূচি। ভোটচুরির বিরুদ্ধে ঐতিহাসিক সমাবেশ হবে, বলছে কংগ্রেস। চোরেদের ভোট দেওয়া বন্ধ করে দিয়েছে মানুষ, পাল্টা কটাক্ষ করে বলেছে বিজেপি। এই কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ।
কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, আমরা রামলীলা ময়দান পর্যন্ত মিছিল করব বিরোধীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, দেশের ক্ষতি করার চেষ্টা করছে বিরোধীরা। রাজধানীতে ক্রমশ বাড়ছে রাজনীতির উত্তাপ। ভোট চুরির অভিযোগে এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সুর ক্রমশ চড়াচ্ছে বিরোধী INDI জোট। শনিবার জ্ঞানেশ কুমারের ‘পাবলিক ইমপিচমেন্ট’ কর্মসূচির পর, রবিবার রামলীলা ময়দানে মহাসমাবেশ রয়েছে বিরোধীদের। তার আগে হবে মেগা র্যালি। যার পোশাকি নাম ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’।
শনিবার সকালে সমাজমাধ্যমে রাহুল গান্ধী পোস্ট করেন, কাল (রবিবার) দেখা হচ্ছে, একসঙ্গে হাঁটব। ১ নভেম্বর, দুপুর ১২টা। হ্যাশট্যাগ চলোদিল্লি। সংবাদ সংস্থা এএনআই-কে কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেত বলেন, এটা শুধুমাত্র কংগ্রেসের সমাবেশ নয়, গোটা দেশের সামগ্রিক চেতনার সমাবেশ। এই সমাবেশ এক অভূতপূর্ব আন্দোলনের সূচনা করবে। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী ও বিজেপি সাংসদ গিরিরাজ সিং বলেন, আমার আশঙ্কা কালও তারা (বিরোধী) আগের মতোই অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে। নির্বাচনে ভোট চুরি হচ্ছে না, চোরেদের ভোট দেওয়া বন্ধ করে দিয়েছে মানুষ।
রবিবারের কর্মসূচিতে যোগ দিতে ইতিমধ্যে দিল্লি পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তেজস্বী যাদব, অখিলেশ যাদব, এম এ বেবির মতো বিরোধী INDI জোটের নেতারা। RJD জাতীয় কার্যনির্বাহী সভাপতি তেজস্বী যাদব বলেন, জ্ঞানেশ কুমার মোদি ও অমিত শাহের হাতের পুতুল। এই ভোট-চোরদের চিনে গেছে দেশবাসী। তাদের স্বৈরাচার আর বেশিদিন চলবে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি দিল্লি যাচ্ছি। রামলীলা ময়দানের জন্য।
রবিবার দিল্লিতে বিরোধীদের কর্মসূচিতে মমতা তৃণমূল কংগ্রেস ও সিপিএমের যোগ দেওয়াতে কটাক্ষ করেছেন মুখ্য়মন্ত্রী। মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, দিল্লিতে বেবি আর আন্টি, ২ জনের ভাব হয়ে গেছে। আন্টি মানে কে জানেন তো? একটাই আন্টি, পিসি। আর সিপিএমের সর্বভারতীয় সম্পাদক এম এ বেবি এই দু’জনের এখন ভাব ভালবাসা হয়ে গেছে। সিপিএম কেন্দ্রীয় কমিটি সদস্য সুজন চক্রবর্তী বলেন, আন্টি, আঙ্কেল, নেফিউ, নিস যেখানে যার বন্ধুত্ব হয় হোক। শুভেন্দুবাবু বুঝে রাখুন ওঁর গডফাদারকে বাঁচানোর ক্ষমতা ওঁর নেই।
১৯৮৯ সালে কলকাতায় জ্যোতি বসু ও অটল বিহারী বাজপেয়ীর পুরনো ছবির কথা মনে করিয়ে পাল্টা আক্রমণ করেছে মমতা তৃণমূল কংগ্রেস। মমতা তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ বলেন, জ্যোতি বসু আর অটল বিহারী বাজপেয়ী হাতে হাত ধরে দাঁড়িয়েছিলেন ভি পি সিংকে সঙ্গে নিয়ে। সেগুলো একটু শুভেন্দু অধিকারীর মনে রাখা উচিত। এই বিজেপি আজ যে ভোট শতাংশ পেয়ে দাঁড়িয়ে আছে, ও তো অধিকাংশ সিপিএমের ভোট।
শনিবার রাহুল গান্ধী পোস্ট করে বলেন,কনট প্লেস ও মিন্টো রোডের সংযোগস্থলে জড়ো হয়ে সেখান থেকে তারা আজমিরি গেট হয়ে রামলীলা ময়দান পর্যন্ত পৌঁছবেন। নীচে কোন রাস্তা দিয়ে মিছিল যাবে তার একটি ম্যাপও শেয়ার করেছেন লোকসভার বিরোধী দলনেতা। যদিও দিল্লি পুলিশ সূত্রে দাবি, কনট প্লেস থেকে রামলীলা ময়দান পর্যন্ত মিছিল করে যাওয়ার জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি। তাই অনুমতিও নেই।
তবে নেতা বা সাংসদেরা নিজেদের গাড়িতে যেতে পারেন বলে জানিয়েছে দিল্লি পুলিশ। রবিবারের কর্মসূচির জন্য CAPF এবং দিল্লি পুলিশ মিলে ৪ হাজারের বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হচ্ছে। রাস্তায় বসানো হয়েছে প্রায় আড়াইশো ক্লোজ সার্কিট ক্যামেরা। অতিরিক্ত ১৫০-র বেশি ট্রাফিক পুলিশও রবিবার মোতায়েন থাকবে। এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে সেন্ট্রাল রেঞ্জ DCP ট্রাফিক কে রমেশ বলেন, আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয়। র্যালিতে আসা মানুষদেরও যাতে সুবিধা হয়। রবিবার নির্বাচন কমিশনের সদর দফতর এবং নয়াদিল্লির বেশকিছু এলাকায় ১৬৩ ধারা জারি করেছে দিল্লি পুলিশ।
Suvendu Adhikari | “মহম্মদ সেলিম.. এত বড় সাহস”, নিশানা করে কী বললেন মুখ্যমন্ত্রী?
Post Comment