‘আমি ডায়মন্ড হারবার যাব, আমি কাঁথিতেও যাব…’, শুভেন্দুর ‘জামানত জব্দ’ কটাক্ষে পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের
Last Updated:
Abhishek Banerjee: ‘আমি ডায়মন্ড হারবার যাব। আমি কাঁথিতেও যাব। আমাকে নিয়ে ভাবতে হবে না।’ শুভেন্দুর চ্যালেঞ্জের জবাবে বললেন ডায়মন্ডহারবার সাংসদ। তাঁর দাবি, ‘অনেকে ফিরে আসার জন্য যোগাযোগ করছেন’। আর কী বললেন অভিষেক?
কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি নিয়ে শুক্রবার দুপুরেই ‘জনতার দরবার’ থেকে মুখ খুলেছিলেন শুভেন্দু অধিকারী। তার কয়েক ঘণ্টার মধ্যেই ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেককে নিশানা করে মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ ছিল, “২০২৯ সালের লোকসভা ভোটে অভিষেক ডায়মন্ড হারবারে দাঁড়ালে তাঁর জামানত জব্দ হবে!” এবার তারই উত্তরে পাল্টা চ্যালেঞ্জ সাংসদের।
যে পুলিশ আধিকারিকেরা এখন কাজ করছেন এবং মমতা-তৃণমূলের নেতা-কর্মীদের ‘মিথ্যা মামলা’ দিচ্ছেন, দু’বছরের মধ্যে তাঁদের দেখে নেওয়া হবে বলে বৃহস্পতিবারই হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক। শুক্রবার ফের একবার তিনি বলেন, “মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। গায়ের জ্বালা আসলে শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতা স্থির করেছেন শুভেন্দু অধিকারী। দেবদীপ অধিকারী জেলের বাইরে কেন? এসিবির কাছে ওনার টাকা নেওয়ার ছবি পাঠান। আমি ডায়মন্ড হারবার যাব। আমি কাঁথিতেও যাব। আমাকে নিয়ে ভাবতে হবে না।”
অভিষেকের দাবি, “আমার কাছে ভিডিও আছে আমার বাড়ির বাইরে গিয়ে বলে এসেছে আমার বারো বছরের মেয়েকে উদ্দেশ্য করে, যে ধর্ষণ করে দেওয়া হবে।” নাম না করে মুখ্যমন্ত্রীকে নিশানা করে সাংসদ বলেন, “আমি না থাকায় আপনি আমার আমতলা অফিস ভেঙেছেন। সব কিছু পুলিশ দিয়ে করা হচ্ছে। অনেকে ফিরে আসার জন্য যোগাযোগ করছেন। শুভেন্দু অধিকারীকে বলব, তৃণমূলের পিছনে না লেগে আইন শৃঙ্খলা দেখুন। কোনওদিন পুজোয় কেউ মারা যায়নি পদপিষ্ট হয়ে।” বাঙালি-অবাঙালি সংষ্কৃতি নিয়ে অভিষেকের তোপ, “কেউ কেউ আবার ছট পুজোর নাম করে কালীপুজো বন্ধ করে দিচ্ছে। বাঙালিরা করবা চৌথ করছে। তাহলে অবাঙালিরা নীলষষ্ঠী করুক।”
তৃণমূল কংগ্রেস নিয়ে শুভেন্দুর কটাক্ষের জবাব দিতে গিয়ে অভিষেক বলেন, “তৃণমূলের লোগো, সিম্বল, অ্যাকাউন্ট নিয়েছেন। এমপি-দের ভেঙেছেন, এমএলএ-দের ভেঙেছেন। তাও এত আপনার ভয় কীসের? ৫ বছর পর আপনি ৬১ হবেন। আমি ৪৩ হব। আপনার শক্তি কমবে, আমার শক্তি বাড়বে। আমার উপর ঝড় ঝাপ্টা গিয়েছে, তাও বলছি গলা কাটলে জয় বাংলা বেরোবে। বিজেপি ক্ষমতায় না থাকলে শুভেন্দু অধিকারী সবার আগে ঝাঁপ মারবেন। তাই ঋতব্রত বন্দোপাধ্যায় দিয়ে বিরোধী দল করেছেন। আপনি হলফনামা দিয়ে বলুন যে আপনি বিজেপিই থাকবেন আজীবন। দল বদল করবেন না।”

Post Comment