Ayushman Bharat Card: পেনশনভোগীদের স্বাস্থ্যসাথী, আয়ুষ্মান কার্ড জমার সময়সীমা বাড়াল রাজ্য, এবার ৩০ নভেম্বর পর্যন্ত সুযোগ
Last Updated:
যাঁরা এখনও কার্ড জমা দিতে পারেননি, তাঁদের জন্য আরও এক মাসের সুযোগ করে দিল রাজ্য সরকার।
রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারত কার্ড জমা দেওয়ার সময়সীমা আরও এক মাস বাড়ানো হল। আগে এই কার্ড জমা দেওয়ার শেষ দিন ছিল ৩১ অক্টোবর। এবার সেই সময়সীমা বাড়িয়ে ৩০ নভেম্বর করা হয়েছে। শুক্রবার এই সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্যের অর্থ দফতর।
গত ৯ অক্টোবর রাজ্য অর্থ দফতরের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। সেখানে জানানো হয়, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের আওতায় থাকা সমস্ত সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং তাঁদের নথিভুক্ত পরিবারের সদস্যদের স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারত কার্ড জমা দিতে হবে। পাশাপাশি নির্দিষ্ট ঘোষণাপত্রও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। গোটা প্রক্রিয়া শেষ করার জন্য ৩১ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।
কিন্তু অর্থ দফতরের নজরে এসেছে, এখনও বহু সরকারি কর্মচারী ও পেনশনভোগী এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেননি। অনেকেই প্রয়োজনীয় নথি এবং ঘোষণাপত্র জমা দিতে পারেননি। সেই কারণেই তাঁদের আরও কিছুটা সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কর্মচারী ও পেনশনভোগীদের স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারত কার্ড জমা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ঘোষণাপত্র জমা দিতে হবে৷ তবে সময়সীমা বাড়ানো হলেও আগের নির্দেশিকার অন্যান্য নিয়ম ও শর্ত অপরিবর্তিত থাকছে।
ইতিমধ্যেই রাজ্যের সমস্ত দফতরের প্রধান, ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার এবং পেনশন সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যাতে প্রত্যেকে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন, তা নিশ্চিত করতে বলা হয়েছে।

Post Comment