Diwali Candle Price: টুনি লাইটের ভিড়েও হিট মোমের আলো! চাহিদা বাড়ছে রকমারি মোমবাতির, দীপাবলির আগে জানুন বাজারদর
Last Updated:
Diwali Candle Price: দীপাবলির আগে মালদার হায়দরপুর কারখানায় ১ থেকে ৩ ফুট লম্বা ১৫ রকমের মোমবাতি তৈরির হিড়িক! ১১ টাকা থেকে ৫০০ টাকা দামের এই মোমবাতির বাজার চাহিদা কেমন জানুন।
মালদা, জিএম মোমিন: আধুনিক আলোকসজ্জার রমরমার মধ্যেও ফিকে হয়নি ঐতিহ্যবাহী মোমবাতির চাহিদা। আলোর উৎসব দীপাবলিকে সামনে রেখে মোমবাতি তৈরির ব্যস্ততা এখন তুঙ্গে। মোমের দাম বাড়লেও বাজারে চাহিদা যথেষ্ট। তাই অর্ডার সামলাতে দিনরাত এক করে কাজ করছেন মালদা শহরের হায়দরপুরের মোমবাতি কারখানার কারিগররা।
ছোট থেকে বড়, নানা রং ও নকশার প্রায় ১৫ রকমের মোমবাতি তৈরি হচ্ছে এই কারখানায়। যার মধ্যে রয়েছে এক থেকে তিন ফুট পর্যন্ত লম্বা মোমবাতিও। আগামী ৮ নভেম্বর দীপাবলি। এই উৎসবের রাতে ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর পাশাপাশি মোমবাতি জ্বালানোর প্রচলনও দীর্ঘদিনের। আধুনিক আলোকসজ্জার ব্যবহার বাড়লেও উৎসবের সাজে মোমবাতির আলাদা আকর্ষণ রয়েছে। সারা বছর মোমবাতির চাহিদা তুলনামূলক কম থাকলেও কালীপুজো ও দীপাবলির আগে তা অনেকটাই বেড়ে যায়। ফলে উৎসবের মরশুমে বাড়তি চাহিদা মেটাতে জোরকদমে চলছে উৎপাদন। শহরের হায়দরপুরের ওই কারখানায় মোম গলিয়ে বিভিন্ন ছাঁচে ঢেলে তৈরি করা হচ্ছে নানা আকারের মোমবাতি। চাহিদা অনুযায়ী তৈরি হচ্ছে বিভিন্ন রঙের মোমবাতিও। ইতিমধ্যেই একাধিক অর্ডারের মোমবাতি সরবরাহ করা হয়েছে। এখন পাড়ার ছোট ছোট দোকানদারদের চাহিদা মেটাতে ব্যস্ত কারিগররা।
মোমবাতি কারখানার মালিক রতন সাহা জানান, এ বছর মোমের দাম বেড়ে যাওয়ায় মোমবাতির দামও কিছুটা বাড়াতে হয়েছে। তবে দাম বাড়লেও বাজারে চাহিদা রয়েছে যথেষ্ট। আগে থেকে পাওয়া অর্ডার অনুযায়ী মোমবাতি সরবরাহের পর এখন খুচরো ব্যবসায়ীদের চাহিদা মেটানোর কাজ চলছে। তিনি আরও জানান, লাল রঙের মোমবাতির চাহিদা সব থেকে বেশি। তবে এবছর অধিকাংশ ৩ ফুটের মোমবাতির অর্ডার এসেছে। ছোট মোমবাতি ১১ থেকে ১৫ টাকা এবং ৩ ফুটের মোমবাতি ৪০০ থেকে ৫০০ টাকা করে বিক্রি হয়।
Post Comment