মমতার দিকে ফিরছেন? সুর বদল করছেন ঋতব্রত পন্থী একাধিক বিধায়ক, যা বললেন মিনহাজ আফরিন, মোশারফ হোসেনরা
Last Updated:
Trinamool Congress: শোভনদেব চট্টোপাধ্যায় এবিষয়ে বলেন, ‘‘কাকে কাকে নেব না ঠিক করাই আছে৷ ’’ কালীঘাট শিবির অবশ্য বর্তমান পরিস্থিতিতে দাবি করছে, না নেওয়ার তালিকা তৈরি করা হয়েছে। যাদের নেওয়া হবে তাদের তালিকাও তৈরি হয়েছে।
কলকাতা: দুর্গা পুজোর পর বেসুরো হয়েছেন হামিদুর রহমান, এবার কি গোলাম রব্বানী, মিনহাজ আফরিন সেই পথেই? রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় বিরোধী বিধায়কদের উপস্থিতি-অনুপস্থিতি নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত। তবে মিনহাজ আফরিন আজাদ উল্লেখযোগ্যভাবে জানালেন, ‘‘আমি দিদির সাথে আছি শুরু থেকে৷’’ করলেন আরও ইঙ্গিতপূর্ণ মন্তব্য৷ এদিন মমতা তৃণমূলের ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন অনুপস্থিত ছিলেন রায়গঞ্জের প্রশাসনিক বৈঠকে৷ তাঁর অবশ্য দাবি, তাঁকে অফিসিয়াল আমন্ত্রণ জানানো হয়নি৷ ঋতব্রত তৃণমূলের অংশ হয়েও প্রশাসনিক বৈঠকে এলেন না চোপড়ার হামিদুর রহমান, যদিও তিনি সুর বদল করেছেন। অনুপস্থিত গোয়ালপোখরের গোলাম রব্বানী, চাকুলিয়ার মিনহাজ আফরিন আজাদ। এদের মাঝে ঋতব্রত তৃণমূলের ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগারওয়ালকেই দেখা গেল একমাত্র৷
এদিন বিধানসভায় দেখা গেল মিনহাজ আফরিন এবং মোশারফ হোসেনকে৷ তিনি বলেন, ‘‘গত পরশু বিধানসভায় চলে এসেছি। গতকাল রাতে আমাকে জেলাশাসককে আমি জানিয়েছি কলকাতায় আছি। মহকুমা শাসককেও জানিয়েছি। আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি শুরু থেকেই তৃণমূলে আছি। কংগ্রেস থেকে শুভেন্দু অধিকারীর দ্বারা তৃণমূলে আসি। আমি দিদির সাথে আছি শুরু থেকে। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণ নিয়ে মিছিল করি। তবে বিরোধী দলনেতার জন্য আমি সই করেছিলাম। সই করলেও আমি মমতা বন্দ্যোপাধ্যায় দিকে। আমাদের বলা হয়েছিল, যা তা এখন আর মনে হচ্ছে না। আমি হলফনামা দিয়েছি দিদির পক্ষে। এলাকা থেকেও করে দিয়েছি।’’
অন্যদিকে, মোশারফ হোসেনের কথায়, ‘‘আমাদের অফিসিয়াল আমন্ত্রণ জানানো হয়নি। তাই আজকে আমি হাজির হতে পারিনি। এর আগে আমাকে মালদার মিটিংয়ে ডাকা হয়েছিল। আজ কেন ডাকা হল না, সেটা আমি জানিনা। এর আগেও ডাকলে গেছি। প্রশাসনের সাথে যোগাযোগ রেখেছিলাম। ওনারা তো বিরোধীদের ডাকা হবে বলেছিলেন। ডাকা হল না তাই আজ বিধানসভায় চলে এলাম।’’
সূত্রের খবর, ঋতব্রতপন্থী একাধিক বিধায়ক এখন খোলাখুলিই খুলছেন মুখ৷ আর সেই সুর বদলানো বিধায়কদের তালিকা বানাচ্ছে কালীঘাট তৃণমূল। স্বাগত কারা? দূরত্ব বজায় থাকবে কাদের সাথে? এখন থেকে তালিকা করছে কালীঘাট তৃণমূল। ইতিমধ্যেই কালীঘাটে ফিরেছেন কাশেম সিদ্দিকী, তৌসিফউর রহমান, আব্দুল মাতিন। সুর বদলাচ্ছে হামিদুর রহমান, কাজল শেখ, মিনহাজুল আফরিন আজাদ সহ বেশ কয়েকজন। যারা শিবির বদল করলেন, কিন্তু এখন ফিরতে চাইছেন।
প্রসঙ্গত ২১শে জুলাই বা ২৮ আগস্ট সভা থেকে অভিষেক বন্দোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা এদের দলে ফেরাতে রাজি নন তা প্রকাশ্যেই বলেছেন। কালীঘাট শিবির অবশ্য বর্তমান পরিস্থিতিতে দাবি করছে, না নেওয়ার তালিকা তৈরি করা হয়েছে। যাদের নেওয়া হবে তাদের তালিকাও তৈরি হয়েছে।

Post Comment