জলে গেল পাড়িক্কল,নবির পারফরম্যান্স,দাঁতে দাঁত চেপে মরিয়া লড়াইয়ে ড্র ছিনিয়ে নিল নিউজ়ল্যান্ড এ

লিঙ্কন: ম্যাচের প্রথম দিনের শেষে ধ্রুব জুরেলের নেতৃত্বাধীন দলের অবস্থা ছিল করুণ। তবে শেষদিনের শেষ লগ্ন আসতে আসতে ভারতীয় ‘এ’ দল জয়ের স্বপ্ন দেখছিল। তবে একেবারে তীরে এসে তরী পার হতে পারল না। দাঁতে দাঁত চেপে মরিয়া লড়াইয়ে ভারত ‘এ’-র বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টে ড্র ছিনিয়ে নিল নিউজ়িল্যান্ড ‘এ’ (IND A vs NZ A)।

মাত্র ১১৩ রানে প্রথম ইনিংসে গুটিয়ে যাওয়ার পর হয়তোই কেউ ভারত ‘এ’ দল যে এই ম্যাচ জিততেও পারে, সেই আশা রেখেছিলেন। তবে দ্বিতীয় ইনিংসে দেবদত্ত পাড়িক্কলের (Devdutt Padikkal) অনবদ্য ১৯৯ রানের ইনিংসই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষদিন ভারত ২৮৪ রানের লিড এবং দুই উইকেট হাতে নিয়ে মাঠে নেমেছিল। দিনের শুরুতেই ওয়াশিংটন সুন্দর সাজঘরে ফিরলেও, আকাশদীপ ব্যাট চালিয়ে ২৫ রান করেন। শেষমেশ পাঁচশোর গণ্ডি পার করে, ৫১৬ রানে শেষ হয় ভারত ‘এ’-র ইনিংস। কিউয়িদের সামনে জয়ের জন্য ৩১৩ রানের লক্ষ্য রাখা হয়।

রান তাড়া করতে নেমে কিউয়িদের নতুন বল হাতেই চাপে ফেলে দেন আকিব নবি। অধিনায়ক রাইস মারিয়ু এবং টিম রবিনসনকে ইনিংসের মাত্র তৃতীয় ওভারে যথাক্রমে দুই ও শূন্য রানে সাজঘরে ফেরান তিনি। নিজের পরের ওভারেই বয়েলকেও আউট করেন গত রঞ্জি মরশুমের সর্বোচ্চ উইকেটশিকারি। জম্মু ও কাশ্মীরের ফাস্ট বোলারের বিধ্বংসী স্পেলের সুবাদেই ভারত ‘এ’ জয়ের আশা দেখতে শুরু করে।

আরও পড়ুন:- নিজের অবসর নিয়ে ফের একবার মুখ খুললেন রোহিত শর্মা, দিলেন স্পষ্ট বার্তা 

এমন পরিস্থিতিতে ফক্সক্রফটের ৪২ রানের ইনিংস এবং কার্টিস হিফির সঙ্গে তাঁর ৭৮ রানের পার্টনারশিপ দলকে স্থিরতা প্রদান করে। তবে ফক্সক্রফটকে ফিরিয়ে ফের একবার তথাকথিত ‘ফ্লাডগেট’ খুলে দেন মুকেশ চৌধুরী। নিরন্তর ব্যবধানে উইকেট হারাতে থাকে নিউজ়িল্যান্ড। একদিকে যেখানে একের পর এক উইকেট পড়ছিল, সেখানে ক্রিজ আঁকড়ে ছিলেন কিউয়ি ওপেনার হিফি। তিনি লোয়ার অর্ডারের সাইমন কিনি এবং জেডন লিনক্সের থেকে খানিক সহায়তা পান। দুইজনেই দৃঢ় মানসিকতা দেখিয়ে উইকেটে টিকে থাকেন। শেষমেশ নবম ও দশম উইকেটের এই দুই পার্টনারশিপই গুরুত্বপূর্ণ হয়ে উঠে।     

ভারতীয় দল যেখানে মরিয়া হয়ে ইনিংসের শেষ উইকেটের খোঁজ করছিল, সেখানে হিফিদের ত্রাতা হয়ে নেমে আসে অন্ধকার। খারাপ আলোর জেরে আম্পায়াররা ম্যাচ স্থগিত এবং পরে দিনের খেলা বাতিল করতে বাধ্য হন। ফলে মাত্র এক উইকেট হাতে রেখে রুদ্ধশ্বাস এক ড্র ছিনিয়ে নেয় কিউয়ি ‘এ’ দল। হিফি ৯০ রানে অপরাজিত থাকেন। 

Post Comment

You May Have Missed