বছরে ১৩ টা EMI জমা দিলে দ্বিগুণ সুবিধা, লোন শেষ হবে আগে আর বাঁচবে লক্ষ লক্ষ টাকা
কলকাতা: নিজের একটা বাড়ি হবে। মধ্যবিত্তের জীবনে এর থেকে দারুণ কোনও স্বপ্ন সম্ভবত থাকে না। কিন্তু একটা বাড়ি করতে বা কিনতে গেলে হোম লোনের বিষয়টাও এসে পড়ে ঘাড়ে। আর একটা বাড়ির লোনের সঙ্গে যে পরিমাণ মাসিক কিস্তি অর্থাৎ EMI দিতে হয়, সেটাও একটা বিষয়। কিন্তু হিসাব বলছে বছরে যদি আপনি ১ টি মাত্র EMI বেশি দিয়ে দেন, তাহলে কিন্তু সময়ের অনেক আগেই আপনার লোন শোধ হয়ে যাবে। এ ছাড়াও অনেক টাকাও আপনি বাঁচাতে পারবেন।
আরও পড়ুন: নবগ্রামে জাতীয় সড়কে পুলিশের তল্লাশি, উদ্ধার বিপুল মোবাইলের যন্ত্রাংশ, গ্রেফতার ২
ধরা যাক, কেউ যদি ৫০ লক্ষ টাকার হোম লোন নিয়েচেন। এই লোনের উপর বার্ষিক সুদ যদি ৮.৫ শতাংশ হয় ও সময়কাল ২০ বছর হয়, তাহলে মাসিক কিস্তি হবে আনুমানিক ৪৩ হাজার ৩৯১ টাকা। ২০ বছরে ঋণ শোধ করতে তাঁকে মোট সুদ দিতে হবে প্রায় ৫৪ লক্ষ ১৪ হাজার টাকা। অর্থাৎ, আসল ও সুদ মিলিয়ে মোট পরিশোধের পরিমাণ দাঁড়াবে প্রায় ₹১ কোটি ৮ লক্ষ টাকা।
ঐ ব্যক্তি যদি প্রতি বছর নিয়মিত ১২টি EMI দেওয়ার পাশাপাশি আরও একটি অতিরিক্ত EMI দেন, তা হলে সেই অতিরিক্ত অর্থ ঋণের বকেয়া আসল কমাতে সাহায্য করবে। ফলে পরবর্তী সময়ে বকেয়া টাকার উপর সুদের পরিমাণও কমবে।
এই হিসাব অনুযায়ী, বছরে একটি অতিরিক্ত EMI দিলে ঋণ শোধের মেয়াদ ২০ বছর থেকে কমে আনুমানিক ১৬ বছর ৯ মাস হতে পারে। পাশাপাশি মোট সুদের খরচ কমে প্রায় ৪৩ লক্ষ ৮৪ হাজার টাকায় দাঁড়াতে পারে। অর্থাৎ, সুদে সাশ্রয় হতে পারে প্রায় ১০ লক্ষ ২৯ হাজার টাকা। একই সঙ্গে প্রায় ৩ বছর ৩ মাস আগে সব লোন শোধ হয়ে যেতে পারে। বছরে একটি অতিরিক্ত EMI দেওয়া সুবিধাজনক হতে পারে, যদি আপনার মাসিক বাজেটে তার জন্য পর্যাপ্ত অর্থ থাকে। তবে জরুরি খরচের জন্য প্রয়োজনীয় সঞ্চয় বজায় রাখা জরুরি।
মনে রাখতে হবে, প্রকৃত সাশ্রয় নির্ভর করবে অতিরিক্ত টাকা কখন জমা দেওয়া হচ্ছে এবং ব্যাঙ্ক কীভাবে ঋণের পরিশোধের সময়সূচি সংশোধন করছে, তার উপর। তাই অতিরিক্ত অর্থ জমা দেওয়ার আগে ব্যাঙ্কের থেকে ওই লোনের ফোরক্লোজার চার্জ সহ বিভিন্ন বিষয় সম্পর্কে জেনে নেওয়া উচিত।
Post Comment