Child Death: ডোমকলের বেসরকারি নার্সিংহোমে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের
Last Updated:
Child Death: নির্ধারিত দিনে প্রসব না করানোর অভিযোগ, ডোমকলে সদ্যোজাতের মৃত্যু ঘিরে থানায় লিখিত অভিযোগ।
মুর্শিদাবাদ: ডোমকলের একটি বেসরকারি নার্সিংহোমে নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। চিকিৎসায় গাফিলতির কারণেই শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। এই ঘটনায় ইতিমধ্যেই ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত নবজাতকের পরিবারের সদস্যরা। যদিও নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, তাদের তরফে কোনও গাফিলতি করা হয়নি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সাহেবনগর এলাকার বাসিন্দা আয়েশা সুলতানা প্রসব যন্ত্রণা নিয়ে গত শুক্রবার ডোমকলের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। পরিবারের অভিযোগ, ওই দিনই তাঁর প্রসব হওয়ার কথা থাকলেও চিকিৎসক সেদিন প্রসব করাননি। পরের দিন, অর্থাৎ শনিবার তাঁর সন্তান প্রসব হয়।
পরিবারের অভিযোগ, চিকিৎসকের গাফিলতির কারণেই সদ্যোজাতের মৃত্যু হয়েছে। কেন নির্ধারিত দিনে প্রসব করানো হয়নি এবং পরের দিন প্রসব করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট নার্সিংহোমের মালিক। তাঁর দাবি, নার্সিংহোমের তরফে কোনও গাফিলতি করা হয়নি। চিকিৎসক যে নির্দেশ দিয়েছিলেন, সেই অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তিনি। নার্সিংহোম মালিকের বক্তব্য, চিকিৎসক কেন শুক্রবার প্রসব করাননি এবং কেন পরের দিন প্রসব করিয়েছেন, তা তাঁদের জানা নেই। এই বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকই বলতে পারবেন বলে দাবি করেছেন তিনি।
এদিকে, এই ঘটনার বিষয়ে বক্তব্য জানতে চিকিৎসক সৌমেন সাহার সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ইতিমধ্যেই নবজাতকের মৃত্যুর ঘটনায় ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। ঘটনার প্রকৃত কারণ কী, চিকিৎসায় কোনও গাফিলতি ছিল কি না, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে।
রাকিবুল ইসলাম

Post Comment