Mamata Banerjee: বিজেপির বিরুদ্ধে টাকা দিয়ে মানুষ কেনা ও ভয় দেখানোর অভিযোগ মমতার, কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন

Last Updated:

Mamata Banerjee: ‘রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবেই হোক’, বিজেপিকে চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

গণতন্ত্র ও স্বাধীনতা নিয়ে প্রশ্ন মমতার (ফাইল ছবি)
গণতন্ত্র ও স্বাধীনতা নিয়ে প্রশ্ন মমতার (ফাইল ছবি)

কলকাতা: বিজেপির বিরুদ্ধে টাকা দিয়ে মানুষকে প্রভাবিত করা এবং ভয় দেখিয়ে রাজনৈতিক সমর্থন আদায়ের অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি পুলিশের ভূমিকা, নির্বাচন কমিশনের পদক্ষেপ এবং প্রশাসনিক আধিকারিকদের কার্যকলাপ নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, গতকাল থেকে পুলিশের অত্যাচার অনেকটাই বেড়ে গিয়েছে। পাশাপাশি, কমিশনের তরফে তাঁদের সমস্ত নথি জমা দিতে বলা হয়েছে বলেও জানান তিনি।

মমতার অভিযোগ, জেলাশাসক, বিডিও, থানার ওসি এবং পুলিশ সুপারদের মাধ্যমে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে। তাঁর দাবি, তাঁদের বিরুদ্ধে আইনি কাগজপত্র, স্ট্যাম্প পেপার এবং নোটারি করা হলফনামার ব্যবস্থা করা হচ্ছে। অথচ তাঁদের ক্ষেত্রে সমস্ত কিছু আটকে দেওয়া হয়েছে। এমনকী, ব্যক্তিগতভাবে কেউ তাঁর সঙ্গে দেখা করতে এলেও তাঁকে অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তৃণমূল নেত্রী।

বর্তমান পরিস্থিতিতে দেশের গণতান্ত্রিক পরিবেশ এবং স্বাধীনতা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, দেশের স্বাধীনতার জন্য বহু মহান নেতা লড়াই করেছেন এবং আত্মবলিদান দিয়েছেন। কিন্তু আজ সেই দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। মমতার অভিযোগ, বিজেপি টাকা দিয়ে মানুষকে কিনছে। পাশাপাশি, তৃণমূল কংগ্রেসে যোগ দিলে দলের কর্মী, বিধায়ক ও সাংসদদের জেলে পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবেই হোক, বার্তা তৃণমূল নেত্রীর

বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবেই হওয়া উচিত। বিজেপির যদি সাহস থাকে, তাহলে তারা রাজনৈতিকভাবে লড়াই করুক। তাতে তাঁদের কোনও আপত্তি নেই বলেও জানান তিনি। তৃণমূল নেত্রীর এই বক্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিজেপির বিরুদ্ধে টাকা দিয়ে মানুষকে প্রভাবিত করা, ভয় দেখানো এবং প্রশাসনকে ব্যবহার করার যে অভিযোগ তিনি তুলেছেন, সাক্ষাৎকারে সেই বিষয়গুলিই গুরুত্ব পেয়েছে। একইসঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আবীর ঘোষাল

Post Comment

You May Have Missed