Chorbagan Lakshmi Puja: চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনার ক্ষত এখনও টাটকা, নিয়ম রক্ষার্থে মণ্ডপের বাইরে হল কোজাগরী লক্ষ্মীপুজো
Last Updated:
Chorbagan Lakshmi Puja: চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পরে নিয়ম রক্ষায় রবিবার লক্ষ্মীপুজোর আয়োজন, মূল মণ্ডপের বাইরে প্রতিমা রেখে পুজো।
কলকাতা: উৎসবের রেশ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে শহর। আকাশে আজ কোজাগরী পূর্ণিমার চাঁদ। তবে চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনার ক্ষত এখনও টাটকা। সেই আবহেই রবিবার পুলিশের অনুমতি নিয়ে চোরবাগান সর্বজনীনে আয়োজন করা হল কোজাগরী লক্ষ্মীপুজোর। তবে এবার দুর্গাপুজোর মূল মণ্ডপের ভিতরে নয়, বাইরে মায়ের প্রতিমা রেখে নিয়মরক্ষার পুজোর আয়োজন করা হয়েছে।
চোরবাগানের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৯ জন। এই ঘটনার পর থেকেই পুজোর আয়োজন, নিরাপত্তা এবং মণ্ডপের প্রবেশ ও বেরনোর পথ নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। পুলিশ সূত্রে দাবি, এক্সিট গেটের কাছে স্টল বসানোর অনুমতি ছিল না। দুর্ঘটনার পরেও পুজো কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
পরিস্থিতির কথা মাথায় রেখে এ বার লক্ষ্মীপুজোয় বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। মণ্ডপের বাইরে প্রতিমা রাখা হয়েছে। গোটা এলাকায় রয়েছে পুলিশি নিরাপত্তা। দর্শনার্থীদের নিয়ন্ত্রণে রাখতে বাইরে ব্যারিকেডও দেওয়া হয়েছে। প্রশাসনের অনুমতি নিয়েই এই আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে।
চোরবাগান সর্বজনীনের জয়েন্ট সেক্রেটারি অভিষেক হোরের বক্তব্য ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক। এক্সিট গেটের কাছে স্টল বসানোর অনুমতি ছিল কি না, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বোধহয় স্টলের অনুমতি ছিল না, ছিল কি না জানি না। দুর্ঘটনার দায় প্রসঙ্গে তাঁর বক্তব্য, “দায় আমাদের নিতে হবে।” তবে একই সঙ্গে তিনি দাবি করেন, এটি একটি দুর্ঘটনা এবং তাঁদের তরফে সমস্ত ব্যবস্থাই করা হয়েছিল।
প্রবেশ ও বেরনোর পথ আরও বড় করা সম্ভব ছিল কি না, সেই প্রশ্নেও নিজের অবস্থান স্পষ্ট করেন অভিষেক হোর। তাঁর দাবি, মণ্ডপের এন্ট্রি ও এক্সিট গেট বড় করার কোনও উপায় ছিল না। চোরবাগানের দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যুর পর নিরাপত্তাব্যবস্থা, স্টল বসানোর অনুমতি এবং পুজো কমিটির দায়িত্ব নিয়ে একাধিক প্রশ্নের উত্তর এখনও খুঁজছেন অনেকে। এই পরিস্থিতিতে মূল মণ্ডপের বাইরে লক্ষ্মীপুজোর আয়োজন এবং পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে এ বার নিয়মরক্ষার পুজোই হল চোরবাগানে।
সুদীপ্ত সেন

Post Comment