চার্চের ভিতর অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালীনই এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, মৃত অন্তত ৭, আহত প্রায় ৪০

Jordan Church Shootout: চার্চের ভিতর চলছিল অন্ত্যেষ্টিক্রিয়া। সেই সময়েই তিন বন্দুকবাজ ঢুকে পড়ে সেখানে। এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। মৃত্যু হয়েছে অন্তত ৭ জনের। আহত হয়েছেন অন্তত ৪০ জন। জর্ডনের একটি চার্চে এই ভয়ঙ্কর হামলার ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, জর্ডনের কারাক এলাকায় রয়েছে গ্রিক অর্থোডোক্স চার্চ। সেখানেই এই ঘটনা ঘটেছে। জর্ডনের রাজধানী আম্মানের থেকে ১৮০ কিলোমিটার (১১০ মাইল) দক্ষিণে রয়েছে এই চার্চ যেখানে ৩ বন্দুকবাজ হামলা চালিয়েছে নিরীহদের উপর। 

জর্ডনের সরকারি টেলিভিশন চ্যানেলে যে ফুটেজ দেখানো হয়েছে, সেখানে দেখা গিয়েছে প্রথমে হাতে পিস্তল নিয়ে চার্চে ঢুকেছে ২ জন। চার্চের ভিতরের দিকে এগোতে এগোতে নাগাড়ে গুলি চালাচ্ছে তারা। তৃতীয় আরেক বন্দুকবাজকেও দেখা গিয়েছে এই ফুটেজে। তার হাতে আবার ছিল সেমি-অটোম্যাটিক রাইফেল। চার্চে ঢুকে দিকবিদিকজ্ঞানশূন্য এলোপাথাড়ি গুলি চালাতে থাকে এই তিনজন বন্দুকবাজ। চার্চে থাকা এই ঘটনার অনেক প্রত্যক্ষদর্শীই বন্দুকবাজদের হামলার সময়ে ছবি, ভিডিও মোবাইল ক্যামেরায় বন্দি করেছেন। সেখানেও দেখা গিয়েছে, চার্চের ভিতর চারদিকে ছড়িয়ে রয়েছে ভাঙা কাচের টুকরো এবং মেঝে জুড়ে রয়েছে প্রচুর রক্ত। 

চার্চের ভিতরে থাকা একজনের কথায়, অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ শুরু হওয়ার মিনিট ১৫- র মধ্যেই গুলি চলার আওয়াজ শুনতে পাওয়া যায়। স্বভাবতই গুলি চলার আওয়াজ পেয়ে যে যেদিকে পারেন ছুটে পালানোর চেষ্টা করেন। চোখের নিমেষে মারাত্মক হুলুস্থুলু পরিস্থিতি তৈরি হয় চার্চের ভিতর। ততক্ষণে প্রচণ্ড গুলি চলতে শুরু করেছিল বলে জানিয়েছেন ওই প্রত্যক্ষদর্শী যিনি এসেছিলেন চার্চের ওই অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে। চার্চে থাকা অনেকে বলেছেন চারজন বন্দুকবাজ ছিল। গুলি চালানোর ঘটনায় কতজন যুক্ত ছিল তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। কে বা কারা এই হামলার সঙ্গে যুক্ত, তাঁদের উদ্দেশ্যই বা কী ছিল, কেন এভাবে চার্চের ভিতর গুলি চালানো হল – কোনও কিছুই স্পষ্টভাবে জানা যায়নি এখনও। 

Post Comment

You May Have Missed