এই প্রথম সারির ব্যাঙ্কেও কর্মী ছাঁটাই ! চাকরি হারাবেন ৫০০০ মানুষ, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত ?
কলকাতা: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই একদিকে যেমন মানুষের কাজ সহজ করে দিচ্ছে, অন্যদিকে ঠিক তেমনি চাকরিও কেড়ে নিচ্ছে। বহু সংস্থা তাদের কাজগুলো এআই (AI)-এর মাধ্যমে করার কারণে, কর্মরত কর্মীদের ছাঁটাই করতে দ্বিতীয়বার ভাবছে না তারা। এভাবে চাকরি হারিয়ে বেকারের সংখ্যা দিন দিন আরও বাড়ছে। এতদিন বিভিন্ন আইটি কোম্পানিতে এই ধরনের পরিস্থিতির খবর আমরা শুনেছি। কিন্তু এবার ব্যাঙ্কের কর্মীরও গুরুতর সঙ্কটের মুখোমুখি হচ্ছেন। সম্প্রতি জানা গেছে, ব্রিটেনের একটি প্রধান ব্যাঙ্ক বার্কলেস (Barclays) প্রায় ৫০০০ কর্মীকে ছাঁটাই করেছে।
অনেকের ভাবছেন ব্যাঙ্কের হয়ত প্রফিট হচ্ছে না। কিন্তু প্রতিবেদন অনুযায়ী, প্রথম সারির এই সংস্থাটি বিশাল লাভ করছে, তা সত্ত্বেও কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। একটি প্রতিবেদন অনুসারে, বার্কলেস এই বছর তার প্রায় ৫ শতাংশ কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করছে। এই ছাঁটাই-এর মূল লক্ষ্য হল ব্যাঙ্কটির ক্রমবর্ধমান খরচ কমিয়ে তার আয় আরও বৃদ্ধি করা।
ব্যাঙ্কটি আনুমানিক ৫,০০০ কর্মীর মধ্যে থেকে ইতিমধ্যেই প্রায় ১,০০০ কর্মীকে ছাঁটাই করেছে। বাকি আরও ৪০০০ কর্মীকে ২০২৬ সালের শেষের দিকে ছাঁটাই করার পরিকল্পনা নিয়েছে। এই ছাঁটাই এমন এক সময়ে করা হল, যখন বার্কলেস তাদের তৃতীয় ত্রৈমাসিকে ২.৩ বিলিয়ন পাউন্ড লাভের বিষয়ে ঘোষণা করেছে। যদিও এই আর্থিক লাভ গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে ভালো ছিল। ব্যাঙ্কটির ফিক্সড-ইনকাম ট্রেডিং ব্যবসার পারফরম্যান্স দুর্বল ছিল, যা এর ইনভেস্টমেন্ট ব্যাঙ্কের ফলাফলের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।
আরও পড়ুন – নভেম্বরেই হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ? ৫২,০০০ কর্মীর কাছে গেল বার্তা, এই কোম্পানি করবে ছাঁটাই
কর্মী ছাঁটাই নিয়ে ব্যাঙ্কের কী দাবি?
বার্কলেস ব্যাঙ্কের CEO সি. এস. ভেঙ্কটাকৃষ্ণন (C.S. Venkatakrishnan) কর্মী ছাঁটাইয়ের বিষয়ে বড় মন্তব্য করেছেন। তিনি বলেন, “আমি হতাশ।” তিনি ফিক্সড-ইনকাম ট্রেডিংয়ের দুর্বল পারফরম্যান্স নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, যা ঐতিহ্যগতভাবে ব্যাঙ্কটির অন্যতম শক্তি ছিল। এই খবরে বার্কলেস ব্যাঙ্কের শেয়ারের দামও কমে গেছে। বিগত বছরগুলোতে বাড়লেও, এ বছর-এর শেয়ার ১৪ শতাংশ কমেছে। উচ্চ সুদের হারের কারণে কোম্পানিটির মুনাফাও বেড়েছিল।
নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন অনুসারে, ব্যাঙ্কটি এই সপ্তাহে একটি প্রেজেন্টেশন প্রকাশ করেছে যেখানে উল্লেখ করা হয়েছে যে, প্রায় ৬০% কর্মী ছাঁটাই সফটওয়্যার ডেভেলপারসহ (Software Developer) সাপোর্ট ফাংশনগুলোকে প্রভাবিত করবে।
ভেঙ্কটাকৃষ্ণন বলেছেন, প্রযুক্তি খাতে বিনিয়োগের মাধ্যমে ব্যাঙ্কটির ব্যবসাকে সরল ও উন্নত করার জন্য এই কর্মী ছাঁটাই করা হচ্ছে। তিনি ব্যাঙ্ককিং খাতে এআই-এর ক্রমবর্ধমান ভূমিকার কথা স্বীকার করলেও এই পরিবর্তনের পেছনে প্রযুক্তিই যে একমাত্র কারণ নয়, তাও তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন। AI নিয়ে তিনি আরও বলেন যে, “এআই-এর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং ভবিষ্যতে এটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে”।
Post Comment