Chorbagan: গ্রেফতার চোরবাগানের পুজোর কোষাধ্যক্ষ সঞ্জীব রাহা, নদিয়া থেকে পাকড়াও সেন্টু
Last Updated:
Chorbagan: গত ১৭ অক্টোবর মহাসপ্তমীর দিন বৃষ্টির মধ্যেই প্রবল হুড়োহুড়ির জেরে চোরবাগানের মণ্ডপ চত্বরে পদপিষ্টের ঘটনা ঘটে।ভয়াবহ ওই দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছিল এবং ২৫ জন জখম হয়েছিলেন।
কলকাতা: চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় সঞ্জীব রাহা ওরফে সেন্টুকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। অভিযোগ, মণ্ডপে ঘোষক হিসাবেও কাজ করেছিলেন তিনি। মোবাইল টাওয়ারের লোকেশন ধরে নদিয়া থেকে তাঁকে আটক করা হয়েছে। সঞ্জীবকে লালবাজারে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরেই তাকে গ্রেফতার করা হয়েছে৷
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ চোরবাগানে পৌঁছয় SIT-এর সম্পূর্ণ দল। অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে তদন্তকারী দল বিপর্যয়স্থল পরিদর্শন করবে। তিন মাসের নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত শেষ করার লক্ষ্যেই দ্রুত পদক্ষেপ করতে চাইছে কমিটি। ঘটনার দিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পরিস্থিতি ঠিক কেমন ছিল, তা সরেজমিনে খতিয়ে দেখতে চাইছে তদন্তকারী দল। সেই সময় কী কী ঘটেছিল, কীভাবে পরিস্থিতির অবনতি হয়েছিল, সেই সংক্রান্ত তথ্য সংগ্রহের উপর জোর দেওয়া হচ্ছে। চোরবাগান কাণ্ডের তদন্তে সিট গঠন করেছে রাজ্য। ৬ সদস্যের এই বিশেষ তদন্তকারী দলের মাথায় রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী। তাঁরই নেতৃত্বে তদন্ত করে তিন মাসের মধ্যে রিপোর্ট দেবে সিট।
চোরবাগান কাণ্ডে মণ্ডপের ভিতরে পর্যাপ্ত শীতাতপ নিয়ন্ত্রণ ও ভেন্টিলেশন ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখতে আজ ঘটনাস্থলে যায় ফরেন্সিক দল। ঘটনার সময় শ্বাসরোধের কারণে একাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সেই পরিস্থিতিতে মণ্ডপের ভিতরে বাতাস চলাচলের ব্যবস্থা কতটা কার্যকর ছিল, তা খতিয়ে দেখতে চাইছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।

Post Comment