ক্রেডিট কার্ডের Minimum Due মেটাচ্ছেন, তবুও বাড়ছে ঋণ! কেন এমন হচ্ছে?
কলকাতা: ক্রেডিট কার্ডে কেনাকাটা, ক্যাশব্যাক ও রিওয়ার্ড পয়েন্টের সুবিধা থাকলেও সময়মতো বিল না মেটালে তা বোঝা হয়ে উঠতে পারে। অনেকেই মনে করেন, প্রতি মাসে ন্যূনতম বকেয়া বা ‘মিনিমাম ডিউ’ মিটিয়ে দিলেই আর কোনও সমস্যা নেই। কিন্তু বাস্তবে এই ধারণা ভুল। ন্যূনতম টাকা জমা দিলে দেরিতে পেমেন্টের জরিমানা এড়ানো যেতে পারে, তবে বাকি টাকার উপর সুদ জমতে থাকে।
আরও পড়ুন: বিপদে পড়লে কি ঋণই ভরসা? এই চাপ থেকে বাঁচতে এখনই তৈরি করুন জরুরি তহবিল
ক্রেডিট কার্ডের মিনিমাম ডিউ কী?
মিনিমাম ডিউ হল নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হওয়া ন্যূনতম টাকা। ব্যাঙ্ক ও কার্ডের শর্ত অনুযায়ী, ‘মিনিমাম ডিউ’ সাধারণত মোট বকেয়ার প্রায় ৫ থেকে ১০ শতাংশ হতে পারে। তবে শুধু মিনিমাম ডিউ মেটালেই সুদ থেকে রেহাই মেলে না। সম্পূর্ণ বিল নির্ধারিত সময়ের মধ্যে না মেটালে বাকি টাকার উপর সুদ লাগতে পারে। নতুন কেনাকাটার ক্ষেত্রেও সুদমুক্ত সময়ের সুবিধা হারানোর সম্ভাবনা থাকে।
কীভাবে বাড়তে থাকে ঋণের বোঝা?
ধরা যাক, আপনার ক্রেডিট কার্ডের বিল হয়েছে ৫০ হাজার টাকা। মিনিমাম ডিউ ৫ শতাংশ হলে আপনাকে প্রথম মাসে দিতে হবে ২ হাজার ৫০০ টাকা। বাকি ৪৭ হাজার ৫০০ টাকার উপর মাসে ৩.৫ শতাংশ সুদ ধরলে, নতুন খরচ বা অতিরিক্ত ফি বাদ দিয়েও বকেয়া বেড়ে দাঁড়াবে প্রায় ৪৯ হাজার ১৬৩ টাকা।
পরের মাসে মিনিমাম ডিউ মেটানোর পরও অবশিষ্ট টাকার উপর আবার সুদ জমবে। ফলে নিয়মিত ন্যূনতম টাকা দিলেও ঋণ দ্রুত কমবে না। উদাহরণে দেওয়া হিসাব অনুযায়ী, ১২ মাসে প্রায় ২৯ হাজার ৪২৬ টাকা পরিশোধ করার পরও প্রায় ৩৮ হাজার ৭৮৫ টাকা বকেয়া থাকতে পারে। প্রকৃত হিসাব কার্ডের সুদের হার ও অন্যান্য শর্তের উপর নির্ভর করবে।
কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন ক্রেডিট কার্ডের ঋণ?
সম্ভব হলে নির্ধারিত তারিখের মধ্যে সম্পূর্ণ বিল মেটান। তা সম্ভব না হলে মিনিমাম ডিউয়ের চেয়ে বেশি টাকা দিন এবং নতুন খরচ কমান। সুদের হার, বিলিং সাইকেল ও পেমেন্টের শর্ত বুঝে বাজেট তৈরি করুন। মনে রাখবেন, মিনিমাম ডিউ দেওয়া মানেই ঋণমুক্ত হওয়া নয়।
(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
Post Comment