West Bengal Weather Update: নিম্নচাপ শক্তি হারিয়েছে, দুপুরের পর থেকে বৃষ্টি কমার সম্ভাবনা, জেনে নিন রাজ্যের আবহাওয়ার আপডেট
Last Updated:
শনিবার দুপুরের পর থেকে বৃষ্টি কমবে। দক্ষিণের আর কোনও জেলাতেই এখনও পর্যন্ত শনিবার থেকে সতর্কতা নেই।
বিশ্বজিৎ সাহা, কলকাতা: নিম্নচাপ সরে দক্ষিণ ওড়িশা ও ছত্তিশগড়ের সংলগ্ন এলাকায় রয়েছে। শক্তি হারিয়ে তা অতি গভীর নিম্নচাপ থেকে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আজ, শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে দুপুরের পর থেকে। আজ কোথাও সকাল, আবার কোথাও দুপুর পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আগামিকাল, রবিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমে যাবে। বাতাসে জলীয় বাষ্প এখনও বেশি রয়েছে ৷ তাই বৃষ্টি কমলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
উত্তরবঙ্গে আজ, শনিবারও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। সিকিম সংলগ্ন ও দার্জিলিং এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এই তিন জেলাতেই ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। তবে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার।
আগামিকাল, রবিবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কমবে। গত দু’দিনের তীব্র বৃষ্টির কারণে উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ের মতো পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা থাকবে। একই সঙ্গে নদীর জলস্তর ও নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ‘ফ্ল্যাশ ফ্লাড’-এর সতর্কতাও দিয়েছে আবহাওয়া দফতর।
কলকাতাতে আজ, শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে দু-এক পশলা বৃষ্টি হতে পারে। বেলার দিকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালে মূলত মেঘলা আকাশ থাকলেও পরে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। আগামিকাল, রবিবার বৃষ্টির সম্ভাবনা কম থাকবে।
কলকাতায় আজ, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৯ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৩ থেকে ৯৯ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ২৭.১ মিলিমিটার।
নিম্নচাপের প্রভাবে গত তিন দিন ধরে সমুদ্র উত্তাল রয়েছে। বৃহস্পতিবার বিকেলে দিঘার সমুদ্রে স্নান করতে গিয়ে ১৪ বছরের এক কিশোরী তলিয়ে গিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, সমুদ্রে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। দমকা হাওয়ার বেগ কখনও কখনও ৬৫ কিলোমিটারেও পৌঁছে যাচ্ছে। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছিল।

Post Comment