Padatik Express: পদাতিক এক্সপ্রেসে সাড়ে ১৬ লক্ষ টাকার চুরি! শ্বশুরবাড়িতে হানা দিয়ে চোর ধরল RPF, উদ্ধার সোনা-নগদ
Last Updated:
RPF-এর দাবি, Rail Madad-এ দ্রুত অভিযোগ, CCTV নজরদারি, গোয়েন্দা তথ্য এবং স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয়—এই চার স্তরের তদন্তের ফলেই দ্রুত চুরি-কাণ্ডের কিনারা সম্ভব হয়েছে।
পদাতিক এক্সপ্রেসে যাত্রীর প্রায় ১৬.৪১ লক্ষ টাকার সোনা, রুপোর কয়েন ও নগদ টাকা চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল আরপিএফ। ঘটনার কয়েক দিনের মধ্যেই মূল অভিযুক্ত এবং চুরি যাওয়া সোনা কিনেছিল যে ব্যবসায়ী, তাদের গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে চুরি যাওয়া সামগ্রীর বড় অংশ।
ঘটনাটি ঘটে গত ১৫ সেপ্টেম্বর। ১২৩৭৮ ডাউন পদাতিক এক্সপ্রেস কোটালপুকুর স্টেশনে দাঁড়িয়ে থাকার সময় S-1 কোচ থেকে যাত্রীর মূল্যবান সামগ্রী চুরি হয়। Rail Madad পোর্টালে অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্তে নামে RPF।
RPF পোস্ট পাকুড়, বারহারওয়া এবং CIB বর্ধমানের আধিকারিকদের নিয়ে বিশেষ দল তৈরি করা হয়। কোটালপুকুর স্টেশনের CCTV ফুটেজ খতিয়ে দেখে সন্দেহভাজন এক ব্যক্তির সন্ধান মেলে। তদন্তে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি ট্রেনের S-1 কোচে প্ল্যাটফর্মের উল্টোদিকের দরজা দিয়ে উঠেছিল।
এরপর রাজমহল থানার পুলিশের সহযোগিতায় নাগেশ্বর বাগ গ্রামে সন্দেহভাজনের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি গোলাপি রঙের গয়নার ব্যাগ উদ্ধার হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ভাঙা সোনার চূড়, বালা, হার, আংটি, চেন ও লকেট, শিশুর বাজু, দেবতার মুকুট, কাঁচা সোনা, রুপোর কয়েন এবং ১ লক্ষ ৪১ হাজার টাকা নগদ।
জেরায় অভিযুক্ত জানায়, দুটি সোনার চেন ও দু’জোড়া সোনার কানের দুল স্থানীয় এক গয়না ব্যবসায়ীর কাছে ১ লক্ষ ৪১ হাজার ৫০০ টাকায় সে বিক্রি করেছে। সেই সূত্র ধরে রাজমহলের লালু মার্কেটের একটি গয়নার দোকানে অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার হয় বাকি চুরি যাওয়া সোনার সামগ্রী।
এই ঘটনায় বারহারওয়া GRPS-এ ৪৮/২০২৬ নম্বর মামলা, ২০ সেপ্টেম্বর তারিখে, BNS-এর ৩০৫(C), ৩১৭(২) এবং ৩(৫) ধারায় দায়ের হয়েছে।

Post Comment