হড়পা বানের তোড়ে ভেসে এলে বিপুল অর্থবাহী সিন্দুক, হাতে লাগল স্থানীয়দের ; আটক ২৯
ধাদিং (নেপাল) : চারিদিকে ধ্বংসলীলা। হড়পা বানের তাণ্ডবের ছবি। এককথায়, মর্মান্তিক অবস্থা। এরমধ্যে মানবিকতা কাম্য। কিন্তু, ধরা পড়েছে অমানবিক ঘটনা। বন্যা বা প্রবল স্রোতে ভেসে যাওয়া একটি ক্যাশ সেফ (টাকা রাখার মজবুত বাক্স) এখন চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। কারণ, বাক্সটি ভেঙে ভেতরের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পুলিশ ২৯ জনকে আটক করেছে। জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর রাসুয়ার ভোটেকোশি এলাকায় বন্যার তোড়ে সিন্দুকটি ভেসে গিয়েছিল এবং পরবর্তী সময়ে ধাদিং জেলার গালছি গ্রামীণ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বেলখুখোলার কাছে ত্রিশূলী নদীর তীরে সেটি পাওয়া যায়। ধাদিং পুলিশের তথ্য অনুযায়ী, ১২ সেপ্টেম্বর তারা খবর পায় যে স্থানীয়দের একাংশ সিন্দুকটি ভেঙে এর ভিতরের নগদ টাকা বের করে নিয়েছেন। পুলিশের একটি দলকে অবিলম্বে ঘটনাস্থলে পাঠানো হয় এবং তদন্ত শুরু করা হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তল্লাশির সময় ২৯ জনকে আটক করা হয় এবং তাঁদের কাছ থেকে ৯২ লক্ষ ৬৮ হাজার ৫০৫ টাকা নগদ উদ্ধার করা হয়েছে।
আটক হওয়াদের অধিকাংশই গালছি-৪-এর মাস্তারের বাসিন্দা। এদের মধ্যে কেউ কেউ গালছি-৬-এর আদমঘাট ও সিদ্ধলেখ-৭-এর আদমতার এলাকার বাসিন্দা। আবার অন্যরা মূলত চিতওয়ান ও পারসার বাসিন্দা হলেও বর্তমানে ধাদিংয়ে বসবাস করছেন। পুলিশ উদ্ধার হওয়া টাকার উৎস সম্পর্কে তদন্ত করছে এবং এই ঘটনায় অন্য কোনও সন্দেহভাজন ব্যক্তি জড়িত কি না, তা খতিয়ে দেখছে।
আরেকটি চাঞ্চল্যকর ঘটনায়, নারায়ণী নদীতে ভেসে যাওয়া এক বন্যাদুর্গতের মৃতদেহ থেকে সোনার দুল চুরির অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বন্যার তোড়ে ভেসে যাওয়া এক মহিলার মৃতদেহ থেকে সোনার দুল সদৃশ বস্তু খুলে নেওয়ার দৃশ্য সম্বলিত একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এই গ্রেফতার করা হয়।
নেপালে হড়পা বান বিপর্যয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে এখন ৬২৬। এখনও পর্যন্ত আড়াই হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। হড়পা বান বিধ্বস্ত রসুয়াতেই খোঁজ মিলছে না ৭২৪ জনের। ৪০০-র বেশি ভারতীয়র খোঁজ এখনও নেই, এনিয়ে উদ্বিগ্ন বিদেশমন্ত্রক। নেপাল-তিব্বত সীমান্তে পাহাড়ি হ্রদে বাড়ছে জল। হ্রদ থেকে জল উপচে ভোটেকোশি নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে। নেপালের বিস্তীর্ণ অংশে প্লাবন পরিস্থিতি। এরইমধ্যে চলছে উদ্ধারকাজ, জরুরি ভিত্তিতে রাস্তা মেরামতের কাজও চলছে। ১১ সদস্যের ভারতীয় উদ্ধারকারী দল পৌঁছেছে নেপালে। উদ্ধার করা হয়েছে সাড়ে ৪ হাজারের কাছাকাছি মানুষকে।
Dilip Ghosh: ‘পুলিশ দৃশ্যদূষণ দূর করছে’, অভিষেকের ক্যামাক স্ট্রিট অফিসের বিলবোর্ড খোলা প্রসঙ্গে দিলীপ ঘোষ
Post Comment