কলম্বো টেস্ট জয়ের সুযোগ হাতছাড়া, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে ভারতের এখন কী করণীয়?
নয়াদিল্লি: ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ়ে হেরেছিল ভারতীয় দল (Indian Cricket Team)। অজ়িভূমেও হারতে হয় ভারতকে। সেই হারের পর ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (World Test Championship) ফাইনাল পৌঁছনোর পথ বেশ কঠিন হয়েছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজ় জিতলেও, ভারতীয় দলের টেস্টের সেরা হওয়ার খেতাবি লড়াইয়ে পৌঁছনোর পথটা কিন্তু এখনও বেশ কঠিন।
আপাতত ৫১.৫২ শতাংশ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজ়িল্যান্ড এবং বাংলাদেশের পরে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে পঞ্চম স্থানে রয়েছে। তবে ভারতের ফাইনালে পৌঁছনোর আশা শেষ হয়ে যায়নি। এখনও ভারতের আরও সাতটি টেস্ট ম্যাচ খেলা বাকি রয়েছে। ভারতীয় দল এরপরে নভেম্বরে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের সফরে যাবে। পরের বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জানুয়ারি থেকে মার্চ মাসে পাঁচ টেস্টের বর্ডার-গাওস্কর সিরিজ়ও খেলবে ভারত। এই সাতটি টেস্ট জিততে পারলে তো ভারতের ফাইনালে পৌঁছনোর আশা অনেকটাই বেড়ে যাবে। সেক্ষেত্রে ভারতের ম্যাচ প্রতি পয়েন্ট শতাংশ দাঁড়াবে ৭০.৩৭ শতাংশ।
গত সাইকেলে দক্ষিণ আফ্রিকা ৬৯.৪৪ ও অস্ট্রেলিয়া ৬৭.৫৪ শতাংশ পয়েন্ট নিয়ে ফাইনালে পৌঁছেছিল। তাই নিজেদের পরবর্তী সাত টেস্ট জিতলে ভারতের ফাইনালে পৌঁছনোটা খুব একটা কঠিন হবে না বলে ধরে নেওয়া যায়। কিন্তু সাতটি টেস্ট নাগাড়ে জেতা তো আর মুখের কথা নয়। এমনটা না হলে তখন ভারতীয় দলের কী করণীয়?
আরও পড়ুন:- লঙ্কান সিরিজ়শেষেই কিউয়ি সফরের প্রস্তুতি শুরু, ভারতীয় তারকাকে কাউন্টি ক্রিকেট খেলাতে তৎপর বোর্ড
যদি ৬০ শতাংশ পয়েন্টকে ফাইনালে পৌঁছনোর বেঞ্চ মার্ক ধরা হয়, তাহলে ভারত নিজেদের শেষ সাত ম্যাচের পাঁচটি জিতলেও, দুইটিতে যদি পরাজিত হয়, তাহলে ভারত ৬০ শতাংশে পৌঁছতে পারবে না। সেক্ষেত্রে তাঁদের পয়েন্ট হবে শতকরা ৫৯.৩। ভারতীয় দল অবশ্য পাঁচটি জয় এবং একটি ড্রয়ে ৬০ শতাংশ পয়েন্টে পৌঁছে যাবে। তবে সেক্ষেত্রে ভারতকে কিন্তু অন্যান্য ফলাফলের ওপর নির্ভরশীল থাকতে হবে। ছয় ম্যাচে জয় এবং একটিতে হার ভারতকে ৬৪.৮ শতাংশ পয়েন্টে পৌঁছে দেবে, যা টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে প্রথম দুইয়ে থাকার জন্য যথেষ্ট হলেও হত পারে।
আপাতত টেবিলে একে থাকা অস্ট্রেলিয়া আরও ১২টি টেস্ট খেলবে। সেখানে তাদের নিউজ়িল্যান্ড সিরিজ় বাদে সিংহভাগ ম্যাচই দেশের বাইরে। আবার ভারতের বিরুদ্ধে সিরিজ়ও রয়েছে। ফলে ভারত সরাসরি অস্ট্রেলিয়া পয়েন্ট দখল কমাতে পারে। অস্ট্রেলিয়া আবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবেও। টেবিলে এক ও দুইয়ের এই লড়াইয়ে ভারতের আখেরে লাভ হতে পারে।
তিনে থাকা নিউজ়িল্যান্ডের ১০টি অবশিষ্ট টেস্টের মধ্যে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন অ্যাওয়ে সিরিজ় রয়েছে। বাংলাদেশের আবার ছয় টেস্টের মধ্যে চারটি টেস্টই ঘরের মাঠে রয়েছে। ফলে বোঝাই যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর ভারতীয় দলের জন্য রাস্তাটা এখন বেশ কঠিন।
Post Comment