ভারতের অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ, দরজা বন্ধ বাংলার! রোহিতকে নিয়ে বেনজির বিভ্রাট

সন্দীপ সরকার, কলকাতা: ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন, অথচ বাংলা দলে ব্রাত্য! জাতীয় জুনিয়র নির্বাচক কমিটি তাঁকে সীমিত ওভার ও লাল বল – দুই আঙ্গিকেই ভারতের অনূর্ধ্ব ১৯ দলে রাখছে, অথচ বাংলা দলেই তাঁর জন্য দরজা বন্ধ! খোলা হবে কি না, তা নিয়েও বিস্তর ধোঁয়াশা।

তিনি, রোহিত যাদব (Rohit Yadav)। জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে ভারতের অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ পেয়েছিলেন। কলম্বো টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নিয়ে ভারতের জয়ের কাণ্ডারি ছিলেন লেগস্পিনার। সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে ওয়ান ডে ও মাল্টি ডে সিরিজ খেলবে ভারত। দুই সিরিজের দলেই রয়েছেন বাংলার ক্রিকেটার!

আর এখানেই প্রশ্ন। রোহিত যাদব কি বাংলার ক্রিকেটার? নাকি বাংলার ক্রিকেটার নন? সদুত্তর নেই খোদ ক্রিকেটারের কাছেই।

ভারতীয় ক্রিকেট বোর্ড নিয়মে কড়াকড়ি করেছে। সিএবিও ভিন রাজ্যের ক্রিকেটার, যাঁদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই পরিচয়পত্র কিংবা বয়স ভাঁড়িয়ে স্থানীয় পরিচয়ে খেলার অভিযোগ উঠছিল, তাঁদের বাদ দিতে তৎপর। আধার কার্ড আপডেট হিস্ট্রি যাচাই করা হয়েছে। বাতিল হয়েছেন বহু ক্রিকেটার। তাঁদের মধ্যেই রয়েছেন রোহিতও।

ঠিক কী অভিযোগ রোহিত যাদবের বিরুদ্ধে?

রোহিত নিজে বললেন, ‘আমার বাড়ি উত্তর প্রদেশে। কিন্তু বহুদিন আগে বাংলায় এসেছিলাম। ক্রিকেট খেলা শেখা এখানেই। ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছি বাংলা থেকেই। তবে আমার আধার কার্ড হিস্ট্রি থেকে নাকি দেখা গিয়েছে আমি এখানকার নই। সেই কারণে বাংলার হয়ে খেলতে পারব না।’

সিএবি সচিব বাবলু কোলে এবিপি লাইভ বাংলাকে আবার অন্য কথা জানালেন। বললেন, ‘রোহিতের বয়সে গরমিল রয়েছে। সেই কারণেই ওকে বাতিল করা হয়েছে।’

আর এ নিয়েই তৈরি হয়েছে চূড়ান্ত বিভ্রান্তি। রোহিত বলছিলেন, ‘আমি বরাবর বাংলার হয়েই খেলেছি। সিএবি-র হয়েই ক্লাব ক্রিকেট খেলেছি। সিএবি-র কাছে আমি কৃতজ্ঞ।’ বাংলার হয়েই তিনি খেলতে পারবেন, আশায় রোহিত। বলছিলেন, ‘আমি সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছি। উনি বলেছেন দেখবেন আমার বিষয়টা। ক্লিয়ারেন্স হয়ে যাবে বলেই আমার আশা।’ তবে বাংলার সম্ভাব্য দলে রাখা হয়নি রোহিতকে।

সিএবি সচিবের গলায় অন্য সুর। বাবলু কোলে বললেন, ‘ওর বয়সে গরমিল যদি ভারতীয় ক্রিকেট বোর্ড জানতে পারে, তা হলে তো জাতীয় দলেও সমস্যায় পড়বে। ভিন রাজ্যের ক্রিকেটার ও বয়স ভাঁড়ানো নিয়ে সিএবি একটা অবস্থান নিয়েছে। সেখানে নড়চড় হবে না। তাতে হয়তো সাময়িকভাবে একটা সমস্যা দেখা দেবে। কিন্তু সুদূর ভবিষ্যতে লাভবান হবে বাংলার ক্রিকেট। আর কেউ ভিন রাজ্যের প্রমাণিত হলেও প্রথম ডিভিশনের ক্লাবগুলির তো সই করাতে বাধা নেই। আউটস্টেশন প্লেয়ার হিসাবে খেলাবে।’

আরও পড়ুন: সারারাত ট্রেন সফর, প্ল্যাটফর্মেই জিরিয়ে নিয়ে ২২ গজে দাপট, জাতীয় দলে বাংলার অভিপ্রায়

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য রবি কুমার-সহ একাধিক ক্রিকেটার একইরকম সমস্যায়। কারা কারা বাদ পড়লেন, পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে না সিএবি? সচিব বাবলু কোলে বলছেন, ‘সিএবি-র ওয়েবসাইটে সবার বিস্তারিত তথ্য রয়েছে। আধার নম্বর দিয়ে সার্চ করলেই সই করানোর আগে দেখে নিতে পারবে ক্লাবগুলি।’

রোহিত চাইছেন বাংলার শিকড় আঁকড়ে ধরতে। ভারতীয় দলে সুযোগ পেলেও তাঁর বাংলার জার্সিই আপাতত মরীচিকায় পরিণত হচ্ছে।

Previous post

Annapurna Yojana: অন্নপূর্ণার ৩০০০ এখনও পাননি? টাকা পেতে ‘নতুন’ আবেদন করুন, কোথায় মিলবে ফর্ম? কোন নথি ‘মাস্ট’? এক ক্লিকে সব জানুন

Next post

দেশে ভয়ঙ্কর পরিস্থিতি, সোশ্যাল মিডিয়ায় কাতর আবেদন নেপাল জাতীয় দলের ক্রিকেটারদের

Post Comment

You May Have Missed