‘বাইরে থাকলে তো ২০৩১-এ হিসেব!’ অভিষেকের গ্রেফতারির জল্পনা বাড়ালেন শুভেন্দু
Last Updated:
এ দিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বক্তব্যের পর তৃণমূল শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলযাত্রার জল্পনা আরও বেড়েছে৷ মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ভাইপো বলছে নোট বুকে লিখে রাখো ২০৩১ সালে হিসাব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে। ভাইপোপন্থী তৃণমূলের নাম নিশান পশ্চিমবঙ্গ থেকে তুলে দেব।
কলকাতা: তৃণমূল কংগ্রেসকে একাধিক ইস্যুতে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুলাইয়ের সমাবেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলভাঙানো, পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ এবং প্রশাসনের ভূমিকা নিয়ে কড়া মন্তব্য করেন তিনি। ২১ জুলাইয়ের সমাবেশ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “কাল কেউ কেউ বলছেন, ২১ জুলাই করতে দেওয়া হয়নি। যদি ২১ জুলাই করতে না দিতাম, তাহলে পৃথিবীর কোনও শক্তিই আপনাদের সভা করতে দিতে পারত না।”
তৃণমূলের শহিদ দিবসের কর্মসূচি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, “কাল শহিদ দিবস হয়নি। কেউ বলছে ভাইপো প্যারাসুটে এসেছে। ভাইপো বলছে, নোটবুক রেখে দিন, ২০৩১ সালে হিসাব হবে। আরে, বাইরে থাকলে তো হিসাব হবে৷” তৃণমূলের একটি কর্মসূচিতে উপস্থিতি নিয়েও কটাক্ষ করেন। তাঁর দাবি, “বিড়লা প্ল্যানেটোরিয়ামে আড়াই হাজারেরও বেশি লোক ছিল। পঞ্চায়েতের চোর আর কাউন্সিলরদের হিসাবের ১০ শতাংশ এলেও চার হাজার হয়ে যেতে পারত।”
দলবদল প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, “আমরা তখন ৭৭ জন ছিলাম। একে একে আমাদের বিধায়কদের ডাকা হতো। আগের স্পিকার কোথায়? পালিয়ে গিয়েছেন। দল ভাঙিয়েছেন। এখন কেমন লাগছে? তখনই বলেছিলাম, এসব করবেন না। পৃথিবীটা গোল।” তিনি আরও বলেন, “আপনাদের ২১৩ জন বিধায়ক ছিল। তবুও কংগ্রেসের একজন বিধায়ককেও দরকার হয়েছিল। সাগরদিঘি উপনির্বাচনে হারার পরদিনই জঙ্গিপুরের এসপি ভোলানাথ পাণ্ডেকে ব্যাটালিয়নে পাঠিয়ে দেওয়া হয়। তাহেরপুর থানার ওসিকেও ভোটগণনার আগেই ক্লোজ করে দেওয়া হয়েছিল।”বক্তব্যের শেষদিকে তৃণমূলের একাংশকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, “ভাইপোপন্থী তৃণমূলের নাম-নিশানা পশ্চিমবঙ্গ থেকে মুছে যাবে।”
ডায়মন্ড হারবারে যত ভোটে জয়ী হয়েছিলেন, তত ভোটেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জও ছোড়েন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ অভিষেকের অবস্থা ফলতার পুষ্পা হিসেবে খ্যাত তৃণমূল নেতা জাহাঙ্গিরের থেকেও খারাপ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ গতকাল কালীঘাটপন্থী তৃণমূলের একুশে জুলাইয়ের সভায় বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী এ দিন বিধানসভায় বলেন, ‘কাল অনেক বড় বড় কথা বলেছেন৷ বলেছেন আয় শুভেন্দু অধিকারী, আয় অমিত শাহ৷ বলেছিলেন ডিজে বাজাবেন, ডিজে বাজিয়ে দিয়েছে বাংলার মানুষ৷ এই সরকার প্রতিহিংসাপরায়ণ নয় বলেই এখনও প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দু হাজার লোকের সামনে হিরো সাজছেন৷ ওই ছোড়াকে বলে গেলাম, প্রতিষ্ঠিত চোর৷ ভিতরে থাকবেন কী বাইরে থাকবেন ভবিষ্যৎ বলবে৷ ডায়মন্ড হারবারে লড়ুন, ওখানে তো ৪০ শতাংশ সংখ্যালঘু ভোট৷ যত ভোটে জিতেছেন তত ভোটে যদি হারাতে না পারি মিলিয়ে নেবেন৷ আপনার অবস্থা পুষ্পার থেকেও খারাপ হবে৷’
Kolkata,West Bengal

Post Comment