Singer Security Guard: ‘আদত’ গাইতে গাইতেই কাটল তাল, শখ ভুলে ফিরতে হল ডিউটিতে! সিকিউরিটি গার্ড যুবকের সুরে মন্ত্রমুগ্ধ নেটিজেনরা
Last Updated:
Singer Security Guard: গান করতে করতে মাঝ পথে ফিরে যেতে হয় ডিউটিতে। ফলে পুরো গান আর তাঁর গলায় শোনা হয়নি শ্রোতাদের। কিন্তু সমাজমাধ্যমে সকলেই এই সুপ্ত প্রতিভাকে কুর্নিশ জানিয়েছেন। অন্যদিকে যে লোকাল ব্র্যান্ডের দৌলতে রাতারাতি ভাইরাল হয়েছেন যুবক, তাঁরা খুব তাড়াতাড়ি থাকে বড় জায়গায় সুযোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: চোখের সামনে গিটার দেখে আর চুপ থাকতে পারেননি। তাই ডিউটি ফেলেই ছুটে আসেন রাস্তায়। সেইসময় পেরিয়ে যাওয়া যুবকদের কাছে গিটার চেয়ে শুরু করে দেন গান। আতিফ আসলামের জনপ্রিয় ‘আদত’ গলা ছেড়ে গাইতে শুরু করেন। যা শুনে দুর্গাপুরের একটি লোকাল ব্যান্ডের এই যুবকরা রীতিমতো অবাক হয়ে গিয়েছেন। সিকিউরিটি গার্ডের এই সুরেলা কন্ঠ তাঁদের রীতিমতো মোহিত করে দিয়েছে।
সেই বিরল মুহূর্তের ভিডিও করেন যুবকরা। সেটি সমাজমাধ্যমে আপলোড করার পরে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। আর এখন সকলেই খোঁজ করছেন দুর্গাপুরের এই যুবকের। জানা গিয়েছে, যুবকের নাম চন্দন সিং। তিনি দুর্গাপুরের বাসিন্দা এবং সিটিসেন্টার এলাকায় সিকিউরিটি গার্ডের কাজ করেন। তাঁর প্রথাগত কোনও প্রশিক্ষণ আছে কিনা জানা যায়নি। কিন্তু তাঁর নিখুঁত সুর, তাল দেখে অবাক হয়ে গিয়েছে নেটদুনিয়া।
তবে গান করতে করতেই কেটে যায় তাল। গান ছেড়ে মাঝপথে আবার ফিরে যেতে হয়। ফিরে যেতে হয় ডিউটিতে। এই ঘটনা মন ভেঙে দিয়েছে নেট নাগরিকদের। যুবক এই সিকিউরিটি গার্ড যেভাবে গানটি শুরু করেছিলেন, তা শেষ পর্যন্ত শোনার অপেক্ষায় ছিলেন শ্রোতারা। কিন্তু কাজের জন্য তাঁকে গান মাঝপথে থামিয়ে গিটার ফেরত দিয়ে চলে যেতে হয়েছে। শ্রোতাদের এই কষ্ট স্পষ্ট ফুটে উঠেছে কমেন্ট বক্সে।
কেউ কেউ লিখেছেন প্যাশন দিয়ে তো এই পেট ভরানো যায় না, তাই শখ ফেলে কাজকে গুরুত্ব বেশি দিতে হয়। কেউ কেউ আবার লিখেছেন, উনি জন্মগত গায়ক। শুধুমাত্র পরিস্থিতির চাপে তাঁকে এই কাজ করতে হচ্ছে। আবার কেউ সরাসরি তাঁকে গিটার উপহার দিতে চেয়েছেন। অন্যদিকে পুরো ঘটনার খোলসা করেছেন লোকাল ওই ব্র্যান্ডের সদস্যরা। জানিয়েছেন, তাঁরা যখন প্র্যাকটিস থেকে ফিরছিলেন, তখন তাঁদের দিকে এগিয়ে আসেন ওই যুবক সিকিউরিটি গার্ড। তারপর বাজানোর জন্য গিটারটি চেয়ে নেন।
প্রথমে তাঁরা ভেবেছিলেন হয়ত তিনি শুধুমাত্র বাজানোর জন্যই গিটারটি চেয়েছেন। কিন্তু তিনি গান শুরু করতেই অবাক হয়ে যান সকলে। তার নিখুঁত সুর আর গানে তারা রীতিমতো মোহিত হয়ে যান। পরবর্তী প্র্যাকটিসে তারা চন্দন সিংকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনাও করেছেন। তাঁরা সিকিউরিটি গার্ড যুবকের এই সুপ্ত প্রতিভাকে সম্মান জানাতে চান। অন্যদিকে সমাজমাধ্যমে এই ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। সবাই এখন রাতারাতি ফ্যান হয়ে উঠেছেন এই চন্দনের। সকলেই অপেক্ষা করছেন যুবকের কন্ঠে পুরো গানটি শোনার জন্য।
Durgapur,Barddhaman,West Bengal
Singer Security Guard: ‘আদত’ গাইতে গাইতেই কাটল তাল, শখ ভুলে ফিরতে হল ডিউটিতে! সিকিউরিটি গার্ড যুবকের সুরে মন্ত্রমুগ্ধ নেটিজেনরা

Post Comment