Suvendu Adhikari: ক্যান্সার আক্রান্তের সমস্যা শুনেই নির্দেশ শুভেন্দুর, নিউ টাউনে চালু নতুন রুট! বাস বাড়ছে কোন কোন রুটে?
Last Updated:
বহু যাত্রীরই অভিযোগ, চাহিদা থাকলেও বহু রুটেই পর্যাপ্ত সংখ্যায় সরকারি বাস পাওয়া যায় না৷ বিশেষত রাতের দিকে সরকারি বাস কার্যত রাস্তা থেকে উধাও হয়ে যায়৷
ক্যান্সার চিকিৎসার জন্য নিয়মিত নিউ টাউনের বেসরকারি হাসপাতালে আসতে হয়৷ কিন্তু রাস্তায় পাওয়া যায় না সরকারি বাস৷ ফলে যাতায়াতের খরচ যেমন বাড়ে, অসুস্থ শরীরে ঝক্কিও পোহাতে হয় রোগীকে৷
কয়েকদিন আগে জনতার দরবারে মুখ্যমন্ত্রীকে এই সমস্যার কথা জানিয়েছিলেন ক্যান্সার আক্রান্ত এক রোগীর আত্মীয়৷ মুখ্যমন্ত্রীর কানে সেই সমস্যার কথা পৌঁছতেই হাতেগরম ফলও মিলল৷ বৃহস্পতিবার নিউ টাউনের টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালের সামনে থেকে নতুন একটি সরকারি এসি বাসের রুট চালু করল পরিবহণ দফতর৷
নতুন বাস রুট এসি ৫৮
এ দিন নিউ টাউন থেকে চালু হল এসি ৫৮ রুটের সরকারি বাস৷ এসি এই বাসগুলি ইকো স্পেস থেকে সোনারপুরের মধ্যে চলাচল করবে৷ সেক্টর ফাইভের কলেজ মোড়, চিংড়িহাটা, রুবি মোড়, কামালগাজি মোড় হয়ে যাতায়াত করবে নতুন রুটের এই বাসগুলি৷ আপাতত এই রুটে ৫টি বাস সারাদিন চলাচল করবে৷
বাস বাড়ল অন্যান্য রুটেও
শুধু নতুন রুট চালু করাই নয়, নিউ টাউন থেকে শহরের বিভিন্ন অংশে চলাচলকারী কয়েকটি রুটেও সরকারি বাসের সংখ্যা বাড়াচ্ছে পরিবহণ দফতর৷ যাতে অফিস যাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা, হাসপাতালে আসা রোগীদের যাতায়াতে সুবিধা হয়৷ যে রুটগুলিতে বাসের সংখ্যা বাড়ানো হচ্ছে, সেগুলি হল-
এসি ১২- সাপুরজি থেকে হাওড়া স্টেশন
এএস ৩০- সাপুরজি থেকে উল্টোডাঙা
এসি ৪৭- সাপুরজি থেকে কুঁদঘাট
এসি ৩০এস/এস৩০- ইকো স্পেস থেকে উল্টোডাঙা (ভায়া চিংড়িহাটা ও সেক্টর ফাইভ)
এস ১২- ইকো স্পেস থেকে হাওড়া স্টেশন
এ দিন পরিবহণমন্ত্রী অর্জুন সিং নতুন এই বাস রুটের উদ্বোধন করেন৷ উপস্থিত ছিলেন রাজারহাট- নিউটাউনের বিধায়ক পীযূষ কানোরিয়াও৷ পরিবহণমন্ত্রীর আশ্বাস, রাস্তায় যাতে পর্যাপ্ত সংখ্যক সরকারি বাস যাত্রীরা পান, সেই বিষয়ে ইতিমধ্যেই নজর দেওয়া হয়েছে৷
Kolkata,West Bengal




Post Comment