১৬ জেলা, ১৫২ আসন, পশ্চিমবঙ্গে শুরু প্রথম দফার বিধানসভা নির্বাচন
কলকাতা : ১৬ জেলা। ১৫২ আসন। পশ্চিমবঙ্গে শুরু প্রথম দফার বিধানসভা নির্বাচন। এবার নিরাপদে সুষ্ঠু ভোট করতে গোটা রাজ্য কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলেছে নির্বাচন কমিশন। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী রয়েছে মুর্শিদাবাদ জেলায়। সবচেয়ে কম কালিম্পঙে (২১ কোম্পানি)। এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ২ দফায়। আজ প্রথম দফা। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফা। সেদিন ৭ জেলায় ১৪২ আসনে ভোট গ্রহণ করা হবে। আর ভোটের গণনা আগামী ৪ মে।
প্রথম দফার ভোটে ২ হাজার ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে রাজ্যে। মুর্শিদাবাদ জেলাকে ২ ভাগে ভাগ করেছে নির্বাচন কমিশন। মুর্শিদাবাদে পুলিশ জেলা এবং জঙ্গিপুর পুলিশ জেলা। মুর্শিদাবাদ পুলিশ জেলায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আর জঙ্গিপুর পুলিশ জেলায় ৭৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। ১৫২টি কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ১ হাজার ৪৭৮ জন। প্রথম দফায় মহিলা প্রার্থী ১৬৭ জন। সবচেয়ে বেশি প্রার্থী কোচবিহার, করণদিঘি দক্ষিণ ও ইটাহারে। এই ৩ কেন্দ্রে ১৫ জন করে প্রার্থী লড়ছেন। সবচেয়ে কম প্রার্থী পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায়। এখানে লড়ছেন মাত্র ৫ জন প্রার্থী। ভোটার সংখ্যার বিচারে সবচেয়ে বড় কেন্দ্র পশ্চিম মেদিনীপুরের দাসপুর। সবচেয়ে ছোট কেন্দ্র মুর্শিদাবাদের সামশেরগঞ্জ।
শুরু হয়ে গেল ছাব্বিশের হাইভোল্টেজ বিধানসভা ভোটের লড়াই। প্রথম দফার ভোটযুদ্ধে ১৬টি জেলার মোট ১৫২টি আসনে ভোটাধিকার প্রয়োগ করবেন ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১ জন ভোটার। তাদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ কোটি ৮৪ লক্ষ ৯৯ হাজার ৪৯৬ জন। মহিলা ভোটারের সংখ্যা ১ কোটি ৭৫ লক্ষ ৭৭ হাজার ২১০ জন। এছাড়াও ৪৬৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। অন্যদিকে, এবারই প্রথমবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চলেছেন ৪ লক্ষ ৫ হাজার ৭১৮ জন ভোটার।
আজ ১৫২টি আসনে মোট ১ হাজার ৪৭৮ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হতে চলেছে। যাদের মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা ১ হাজার ৩১১ জন ও মহিলা প্রার্থীর সংখ্যা ১৬৭ জন। প্রথম দফার ভোটে মোট ২ হাজার ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। সেইসঙ্গে ৪০ হাজার ৯২৮ জন পুলিশ মোতায়েন করা রয়েছে। নজরদারির জন্য ৯৩ হাজার ৯৩৮টি ওয়েব ক্যামেরায় মু়ড়ে ফেলা হয়েছে মোট ৪৪ হাজার ৩৭৬ টি বুথ।



Post Comment